অরুণাচলের মাটিতে মোদীর গর্জন! বললেন, ‘ভোটের রাজনীতি নয়, আমাদের মন্ত্র নাগরিক দেবো ভব’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশের ইটানগরে জিএসটি সংস্কার নিয়ে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি অভিযোগ করেন, কংগ্রেসের সংকীর্ণ রাজনৈতিক মানসিকতার কারণে অরুণাচলের মতো রাজ্যগুলো বহু দশক ধরে উপেক্ষিত ছিল।
নবরাত্রির প্রথম দিনে অরুণাচলের মাটিতে দাঁড়িয়ে মোদী বলেন, “অরুণাচল প্রদেশে সূর্যের প্রথম আলো পড়ে, কিন্তু উন্নয়নের আলো পৌঁছতে কয়েক দশক লেগে গেছে।” তার মতে, কংগ্রেস সরকার অরুণাচলকে উপেক্ষা করেছে, কারণ তারা মনে করত এই রাজ্যে জনসংখ্যা কম এবং মাত্র দুটি লোকসভা আসন। “এই মানসিকতা অরুণাচলসহ সমগ্র উত্তর-পূর্ব ভারতের জন্য বড় ক্ষতির কারণ হয়েছে,” বলেন মোদী।
প্রধানমন্ত্রী জানান, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর তিনি কংগ্রেসের এই সংকীর্ণ মানসিকতা থেকে দেশকে মুক্ত করার সংকল্প নিয়েছিলেন। তার সরকারের নীতি কোনো রাজ্যের ভোটের সংখ্যার উপর নির্ভর করে না। মোদী বলেন, “আমাদের একমাত্র লক্ষ্য ‘নেশন ফার্স্ট’। আমাদের মন্ত্র হলো ‘নাগরিক দেবো ভব’—নাগরিকই আমাদের কাছে ঈশ্বর। আমি তাদের পূজা করি, যাদের কথা কেউ কখনো জিজ্ঞাসা করেনি।” তিনি জোর দিয়ে বলেন, ২০১৪ সালের পর থেকেই অরুণাচল প্রদেশ উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
মোদী এদিন ‘GST বাঁচত উৎসব’-এর সূচনা করেন এবং পরবর্তী প্রজন্মের GST সংস্কারের ঘোষণা দেন। তিনি বলেন, এই সংস্কার ব্যবসা-বাণিজ্যকে আরও স্বচ্ছ ও সহজ করবে, যা ছোট ব্যবসায়ীদের জন্য বিশেষভাবে উপকারী হবে। প্রধানমন্ত্রী আশ্বাস দেন যে, তার সরকারের প্রধান লক্ষ্য প্রতিটি নাগরিকের কল্যাণ নিশ্চিত করা এবং অরুণাচলের মতো প্রত্যন্ত রাজ্যগুলোও এই উন্নয়নের অংশীদার হবে। তিনি উত্তর-পূর্ব ভারতকে দেশের প্রধান দ্বার হিসেবে গড়ে তোলারও প্রতিশ্রুতি দেন।