পাকিস্তান বিমানবাহিনীর বিমান হামলায় খাইবার পাখতুনখোয়াতে নিহত ৩০, আহত বহু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাকিস্তান বিমানবাহিনীর বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। সোমবার ভোররাতে মাত্রে দারা গ্রামের উপর চালানো এই হামলায় নিহতদের মধ্যে মহিলা ও শিশুরাও রয়েছেন বলে জানা গেছে। বহু মানুষ আহত হয়েছেন, যদিও আনুষ্ঠানিকভাবে আহতের সংখ্যা এখনও নিশ্চিত করা হয়নি।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাত ২টোর দিকে JF-17 যুদ্ধবিমান থেকে গ্রামের ওপর LS-6 ধরণের আটটি বোমা ফেলা হয়। হামলার পর গোটা গ্রামে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মতে, বোমাবর্ষণের ফলে বহু বাড়িঘর ধ্বংস হয়েছে এবং চারদিকে ধ্বংসলীলা চলছে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে।
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, এই বিমান হামলার লক্ষ্য ছিল তাহরিক-ই-তালেবান পাকিস্তান (TTP)-এর গোপন আস্তানা। কিন্তু নিহতরা সবাই সাধারণ মানুষ এবং এই হামলার পর বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
খাইবার পাখতুনখোয়া প্রদেশটি আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন হওয়ায় সাম্প্রতিক সময়ে এখানে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সামরিক অভিযান বেড়ে গেছে। গত রবিবারও ডেরা ইসমাইল খান জেলায় গোয়েন্দা অভিযানে সাতজন TTP সন্ত্রাসবাদী নিহত হয়। পাকিস্তানে ক্রমবর্ধমান সন্ত্রাসী কার্যক্রমের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আফগানিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে, আফগানিস্তানকে সিদ্ধান্ত নিতে হবে তারা সন্ত্রাসীদের পাশে থাকবে নাকি পাকিস্তানের পাশে।