অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দুষ্কৃতী হামলা! সিসিটিভি ফুটেজে বাইক আরোহীর পাথর ছোঁড়ার চাঞ্চল্যকর দৃশ্য

রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ও উত্তজনা নিয়ে চর্চা তুঙ্গে। এবার সেই উত্তজনা এক নতুন মোড় নিল, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার যে বাড়িতে থাকে, সেই বাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়ার গুরুতর অভিযোগ উঠল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্য জুড়ে।

মঙ্গলবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই তাঁর এক্স (পূর্ববর্তী টুইটার) হ্যান্ডলে ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ও দুটি ছবি পোস্ট করেন। ভিডিওতে দেখা যাচ্ছে, হেলমেট পরা এক অজ্ঞাতপরিচয় যুবক বাইকে করে এসে অভিষেকের বাড়ির সামনে থামেন। এরপর সে বাইক থেকে নেমে রাস্তা থেকে পাথর কুড়িয়ে বেশ কয়েকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লক্ষ্য করে সজোরে ছুঁড়তে থাকে। পাথরটি কোনো এক জায়গায় লেগে আবার বাইরে এসে পড়লে যুবকটি তা পুনরায় তুলে নিয়ে ফের আক্রমণ করে। গোটা ঘটনাটি ঘটিয়ে অত্যন্ত শান্তভাবে ওই যুবক বাইকে করে চম্পট দেয়। পাথর ছোঁড়ার ফলে বাড়ির দোতলার জানালার কাঁচ ভেঙে গেছে বলে অভিযোগ করেছেন অভিষেক।

সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে, পাথর ছোঁড়ার কয়েক সেকেন্ডের মধ্যে নিরাপত্তারক্ষীরা বেরিয়ে এলেও দুষ্কৃতীকে আটকানো যায়নি। এই ঘটনার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “পুলিশ কোথায় ছিল? কার নির্দেশে এই দুষ্কৃতী হামলা চালাল এবং পুলিশকে বুড়ো আঙুল দেখিয়ে নির্দ্বিধায় চলে গেল?” এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে প্রবল গুঞ্জন তৈরি হয়েছে। অভিষেক পরোক্ষভাবে বিজেপিকে নিশানা করলেও, এই হামলার নেপথ্যে প্রকৃত কারণ কী, তা নিয়ে ধন্দ কাটেনি।

উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর থেকেই অভিষেকের বাড়ির সামনে থেকে পুরনো পুলিশি নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছে। হরিশ মুখার্জি রোডে তাঁর বাড়ির সামনে এখন সাধারণ মানুষের ভিড় ও ছবি তোলার প্রবণতা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে গতকালই বাড়ির প্রধান গেটে ‘ভিউ কাটার’ লাগানো হয়েছিল। ঠিক তার পরদিন এই পাথর ছোঁড়ার ঘটনা রাজ্যের নিরাপত্তা ও ভিআইপি সুরক্ষার চিত্রটিকে ফের প্রশ্নের মুখে দাঁড় করালো। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও, দুষ্কৃতী এখনো অধরা। ঘটনাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে অভিষেক এই হামলার কঠোর বিচার চেয়েছেন। রাজ্যের শাসক দলের অন্দরে এই ঘটনাকে একটি গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেখা হচ্ছে।