অভিষেকের আশঙ্কাই কি সত্যি? ভোটার যাচাইয়ে প্রশাসনিক ও আইনি সংকটের মুখে ব্লক প্রশাসন

বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়াকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ জুড়ে চরম অস্থিরতা তৈরি হয়েছে। ব্লকের অ‍্যসিস্ট‍্যান্ট প্রোগাম অফিসার বা সহকারি ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসাররা (AERO) রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে (CEO) চিঠি দিয়ে তাঁদের উদ্বেগের কথা জানিয়েছেন। তাঁদের মূল অভিযোগ, ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা তথ্যগত গরমিল মামলার বিষয়ে কোনো স্পষ্ট লিখিত নির্দেশিকা নেই।

আধিকারিকদের দাবি, প্রতিটি এএরো-র ওপর গড়ে ৩,০০০ থেকে ৪,০০০টি মামলার বোঝা চাপানো হয়েছে। ৭ ফেব্রুয়ারির মধ্যে এই বিপুল পরিমাণ শুনানি শেষ করা কার্যত অসম্ভব। এছাড়া, হোয়াটসঅ্যাপ বা মৌখিক নির্দেশে নথির গ্রহণযোগ্যতা সীমিত করে দেওয়ায় প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। উল্লেখ্য, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই অভিযোগ করেছিলেন যে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ১ কোটি ৩৩ লক্ষ ভোটারের নাম সন্দেহজনক তালিকায় রাখা হয়েছে। আধিকারিকদের এই চিঠি যেন সেই রাজনৈতিক অভিযোগকেই প্রশাসনিক সিলমোহর দিল।