অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মীদের জন্য দুর্দান্ত সুযোগ! উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনে সরাসরি ইন্টারভিউ

উত্তর ২৪ পরগনা জেলার প্রশাসনিক বিভাগে কাজের সুবর্ণ সুযোগ নিয়ে এল জেলা প্রশাসন। জেলার ‘ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট’ (DMMU) এবং ‘ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল’ (DRDC)-এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মূলত ‘ব্যাঙ্কিং রিসোর্স পার্সন’ পদে চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে। তবে এই পদের জন্য শুধুমাত্র অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মীরাই আবেদনের যোগ্য।
নির্বাচিত প্রার্থীদের প্রতিদিন ১৫০০ টাকা হারে সাম্মানিক বা পারিশ্রমিক দেওয়া হবে। আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৬২ বছরের মধ্যে। যোগ্যতার নিরিখে প্রার্থীকে অবশ্যই কোনও রাষ্ট্রায়ত্ত বা সরকারি ব্যাঙ্ক থেকে অবসরপ্রাপ্ত হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। পাশাপাশি, কম্পিউটার চালনায় দক্ষতা এবং বাংলা ভাষায় সাবলীল হওয়া প্রয়োজন।
কোনো লিখিত পরীক্ষা নয়, আগামী ৩০ ডিসেম্বর দুপুর ১২টায় সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। আগ্রহীদের উত্তর ২৪ পরগনা জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে সমস্ত প্রয়োজনীয় নথি-সহ নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত থাকতে বলা হয়েছে। বিস্তারিত জানতে জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি এখনই দেখে নিন।