অবশেষে ডিএ নিয়ে সুখবর! কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসতে চলেছে বিরাট ঘোষণা

সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য একটি দারুণ খবর আসছে। শীঘ্রই মহার্ঘ ভাতা (DA) আরও ৩% বাড়ানো হতে পারে, যা বর্তমানে ৫৫% রয়েছে। নতুন হার কার্যকর হবে ১ জুলাই, ২০২৫ থেকে। সবচেয়ে বড় সুখবর হল, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বকেয়া টাকা দীপাবলির আগেই অক্টোবরের বেতনের সঙ্গে মিটিয়ে দেওয়া হতে পারে।

প্রতি বছর দু’বার ডিএ ঘোষণা করা হয়—জানুয়ারি থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর এই দুই পর্বে। শিল্প শ্রমিকদের ভোক্তা মূল্য সূচক (CPI-IW) অনুযায়ী ১২ মাসের গড় হিসাব করে এই হার নির্ধারণ করা হয়। ৭ম পে কমিশনের ফর্মুলা মেনে এই বৃদ্ধি নির্ধারিত হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই-জুন সময়ের গড় ধরলে ডিএ ৫৮.২% হতে পারে। নিয়ম অনুযায়ী দশমিক বাদ দিয়ে, নতুন হার ৫৮% কার্যকর হবে।

যদি কোনো কর্মচারীর মূল বেতন ৫০,০০০ টাকা হয়, তাহলে বর্তমানে ৫৫% ডিএ-তে তিনি ২৭,৫০০ টাকা পান। নতুন ৫৮% ডিএ কার্যকর হলে সেটি বেড়ে হবে ২৯,০০০ টাকা। অর্থাৎ, প্রতি মাসে তাঁর আয় প্রায় ১,৫০০ টাকা বাড়বে। পেনশনভোগীদের ক্ষেত্রেও একই অনুপাতে টাকা বাড়বে। এই বৃদ্ধি কোটি কোটি কর্মী ও পেনশনভোগীর জীবনে কিছুটা হলেও স্বস্তি আনবে।

আগে জানুয়ারি মাসে ডিএ ৫৩% থেকে ৫৫% করা হয়েছিল। এবারও অর্থ মন্ত্রকের পক্ষ থেকে অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলেই এই বৃদ্ধি কার্যকর হবে। অনেকে মনে করছেন, দীপাবলির আগেই এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে। তবে, কেন্দ্রীয় কর্মীদের জন্য এই ঘোষণা হলেও রাজ্যের কর্মচারীদের ক্ষেত্রে এখনও কোনো বৃদ্ধি ঘোষণা হয়নি, কারণ এই বিষয়ে সুপ্রিম কোর্টে মামলার চূড়ান্ত রায়ের অপেক্ষা করা হচ্ছে।