‘অন্য মহিলার মার খাওয়া সেলিব্রেট করছেন!’ ভুয়ো ভিডিও দেখে ফুঁসে উঠলেন মিমি চক্রবর্তী

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, গাড়ি থেকে এক মহিলা নামতেই তাঁকে গণপ্রহার করতে করতে থানার ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। নেটপাড়ায় দাবি করা হয়, ওই ভিডিওটি নাকি টলিউডের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তীর। যদিও ভিডিওটির সত্যতা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন ছিল, তবে তা মুহূর্তের মধ্যে নজর এড়ায়নি খোদ মিমির। ভুয়ো এই ভিডিও দেখে রীতিমতো চটে লাল হয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় কড়া বার্তা দেওয়ার পাশাপাশি সরাসরি আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দিয়ে মিমি লেখেন, “আজকে আমাকে ঘিরে একটা ফেক ভিডিও নজরে এসেছে। সোশ্যাল মিডিয়ায় অন্য একটি ভিডিও এবং একটি খবর মিলিয়ে পোস্ট করা হয়েছে, যেটা সম্পূর্ণ ফেক। এটা যাঁরা করছেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আমি বাধ্য হব।”
মহিলা হয়ে মহিলার হেনস্থা সেলিব্রেট করছেন! প্রশ্ন মিমির
পোস্ট করা ওই মহিলাকে একহাত নিয়ে মিমি অত্যন্ত কড়া ভাষায় বলেন, “যিনি একজন মহিলা হয়ে এটা পোস্ট করেছেন, তাঁকে বলি, আপনার লজ্জা হওয়া উচিত। আপনি একজন মহিলা হয়ে অন্য একজন মহিলার মার খাওয়া সেলিব্রেট করতে পারেন কীভাবে! বাকিরাই বা কত ছোট মনের হলে, এরকম করতে পারেন? মহিলাদের সম্মান করেন না যাঁরা, তাঁদের লজ্জা হওয়া উচিত।”
অভিনেত্রী জানান, ইতিমধ্যেই ফেক নিউজ ছড়ানোর অভিযোগে একজনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে এবং খুব শীঘ্রই বাকিদেরও আইনি নোটিশ পাঠানো হবে। ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, “কিছুদিন আগে জনৈক পলিটিশিয়ানের সঙ্গে আমার নাম জড়িয়ে একটা ফেক ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়। এগুলো যাঁরা করছেন, তাঁরা অত্যন্ত অন্যায় করছেন। আপনারা আমার নাম নিয়ে সমাজ মাধ্যমে ভাইরাল হতে চাইছেন, আশা করি।”
এর আগেও ভুয়ো খবরের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন মিমি
উল্লেখ্য, এর আগেও একাধিকবার এ ধরনের ভুয়ো খবর ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন মিমি চক্রবর্তী। কিছুদিন আগে বনগাঁয় একটি অনুষ্ঠান করতে গিয়ে মিমির হেনস্থা হওয়ার খবর সামনে আসে এবং আয়োজকদের সঙ্গে তাঁর বচসা দূরদূরান্তে গড়ায়। সেই ঘটনাকে কেন্দ্র করেও সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভুয়ো খবর ছড়ানো হয়েছিল। কারোর সাতে পাঁচে থাকতে পছন্দ করেন না অভিনেত্রী, আর তাঁর ব্যক্তিগত জীবন ও নাম নিয়ে কেউ নোংরা রাজনীতি বা কুরুচিকর চর্চা করুক—তা যে তিনি একেবারেই বরদাস্ত করবেন না, তা এদিনের বার্তায় স্পষ্ট করে দিয়েছেন মিমি।