দেশে পেট্রোল ও ডিজেলের আকাশছোঁয়া দামের বাজারে গাড়িচালকদের এখন প্রধান চিন্তার বিষয় হলো মাইলেজ। অনেকেই মনে করেন দ্রুত গাড়ি চালালে সময় বাঁচে, কিন্তু অটো বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অতিরিক্ত গতি আপনার পকেটের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করতে পারে। গবেষণায় দেখা গেছে, সঠিক গতিতে গাড়ি চালালে বিপুল পরিমাণ জ্বালানি সাশ্রয় করা সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, বেশিরভাগ পেট্রোল ও ডিজেল গাড়ির জন্য ঘণ্টায় ৮০ থেকে ৯৫ কিলোমিটার (৫০-৬০ মাইল) গতিকে সবচেয়ে আদর্শ বা ‘সুইট স্পট’ বলে মনে করা হয়। এই গতিতে ইঞ্জিনের ওপর চাপ সবচেয়ে কম থাকে। তবে গতি ঘণ্টায় ১০০ কিমি (৬০ মাইল) পার করলেই জ্বালানি খরচ দ্রুত বাড়তে থাকে। রিপোর্ট অনুযায়ী, ঘণ্টায় ১১2 কিমি (৭০ মাইল) গতিতে গাড়ি চালালে ৯ শতাংশ এবং ঘণ্টায় ১২৮ কিমি (৮० মাইল) গতিতে গাড়ি চালালে জ্বালানি খরচ প্রায় ২৫ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। এর প্রধান কারণ হলো উচ্চ গতিতে বাতাসের তীব্র প্রতিরোধ, যা কাটাতে ইঞ্জিনকে দ্বিগুণ শক্তি প্রয়োগ করতে হয়।
আবার অতিরিক্ত ধীর গতিও মাইলেজ কমিয়ে দেয়। দীর্ঘক্ষণ কম গিয়ারে গাড়ি চালালে ইঞ্জিনের আরপিএম (RPM) বেড়ে যায়, যা বেশি তেল টানে। তাই ঘণ্টায় ৮০ কিমি গতিতে পৌঁছালেই সর্বোচ্চ গিয়ার ব্যবহার করা উচিত। পাশাপাশি, হাইওয়েতে ‘ক্রুজ কন্ট্রোল’ ব্যবহার করলে গাড়ি একটি স্থির গতিতে চলে, ফলে ঘন ঘন ব্রেক ও এক্সিলারেট করার প্রয়োজন না হওয়ায় তেল সাশ্রয় হয়। অন্যদিকে, ইলেকট্রিক গাড়ির (EV) ক্ষেত্রে আদর্শ গতি কিছুটা কম, ঘণ্টায় ৬৪ থেকে ৮০ কিমি গতিতে ইভি চালালে ব্যাটারির আয়ু ও মাইলেজ দুই-ই বাড়ে।





