উত্তর প্রদেশের সাহারানপুরের মোহাম্মদপুর গ্রামের প্রাক্তন জেলা পঞ্চায়েত সদস্য চৌধুরী বিক্রম সিংয়ের পালিত মুররাহ জাতের মহিষ ‘গার্গী’ এখন রাজ্যজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। মাত্র চার বছর বয়সী এই মহিষটি দিনে ২৩ লিটারেরও বেশি দুধ দিয়ে উত্তর প্রদেশে প্রথম স্থান অধিকার করেছে। তার এই ঈর্ষণীয় রেকর্ডে খুশি গ্রামবাসী এবং পশুপালন বিশেষজ্ঞরা।
সম্প্রতি লখনউ থেকে আসা কৃষি ও পশুপালন সমিতির প্রতিনিধিরা সরেজমিনে পরীক্ষা করে গার্গীর দুধ উৎপাদন ক্ষমতা নিশ্চিত করেছেন। প্রায় সাড়ে পাঁচ ফুট উচ্চতার বিশালদেহী গার্গীর জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে, ব্যবসায়ীরা এর দাম ৫০ লক্ষ টাকা পর্যন্ত হাঁকিয়েছেন। তবে মালিকের পরিবার স্পষ্ট জানিয়ে দিয়েছে, গার্গী এখন তাদের কাছে কেবল একটি গৃহপালিত পশু নয়, বরং পরিবারের সম্মান ও পরিচয়ের প্রতীক। তাই তাকে বিক্রি করার কোনো সম্ভাবনাই নেই।
এই সাফল্যের নেপথ্যে রয়েছে বিক্রম সিংয়ের প্রায় ১৫ বছরের নিরলস পরিশ্রম। সাধারণ মহিষ থেকে শুরু করে তিনি ধাপে ধাপে প্রজনন প্রক্রিয়ার উন্নতি ঘটিয়েছেন। এমনকি হরিয়ানার বিখ্যাত মহিষ ‘ভীম’-এর টিকা ব্যবহার করে তিনি এই উন্নত জাত তৈরি করেছেন। বিক্রম সিং জানান, তিনি জীবনে শতাধিক পশুপালন প্রদর্শনী দেখেছেন, কিন্তু গার্গীর মতো দুগ্ধ উৎপাদন ক্ষমতা ও দৈহিক গড়ন খুব কমই দেখেছেন। বর্তমানে গার্গীকে এক ঝলক দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন মোহাম্মদপুর গ্রামে।





