রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার বড়সড় পরিবর্তন আসতে শুরু করেছে ক্রীড়াক্ষেত্রেও। বাংলার খেলাধুলোর খোলনলচে বদলে ফেলতে একগুচ্ছ নতুন প্রকল্প নিয়ে আসছে নতুন সরকার। মঙ্গলবার কলকাতায় নিজের দফতরে বসে বাংলার ক্রীড়াবিদদের জন্য এক ঐতিহাসিক পুরস্কার মূল্য বৃদ্ধির ঘোষণা করলেন রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক।
এতদিন বাংলার কোনও ক্রীড়াবিদ অলিম্পিকে সোনা জিতলে রাজ্য সরকারের পক্ষ থেকে মাত্র ২৫ লক্ষ টাকা দেওয়া হত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করে নতুন ক্রীড়ামন্ত্রী সেই পুরস্কার মূল্য একধাপে বাড়িয়ে ৮ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি, অলিম্পিকে রুপো জয়ীদের পুরস্কার মূল্য ১৫ লক্ষ থেকে বাড়িয়ে ৬ কোটি এবং ব্রোঞ্জ জয়ীদের ক্ষেত্রে ১০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৪ কোটি টাকা করা হয়েছে। শুধু অলিম্পিকই নয়, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রেও পুরস্কারের অর্থ ও সরকারি চাকরির সুযোগ বৃদ্ধি করা হচ্ছে।
জেলা থেকে নতুন প্রতিভা তুলে আনতে রাজ্যজুড়ে ‘ক্রীড়া মহোৎসব’ আয়োজন করা হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে থাকা ‘বিদঘুটে’ মূর্তিটি শীঘ্রই ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। সেই জায়গায় বাংলার কোনও খ্যাতনামা ফুটবলারের মূর্তি বসানো হবে। একই সঙ্গে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামকে ঢেলে সাজিয়ে সেখানে অলিম্পিক পর্যায়ের সিন্থেটিক ট্র্যাক বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। মেসিকাণ্ডের নতুন তদন্তের পাশাপাশি পরিকাঠামোগত এই উন্নয়ন বাংলার ক্রীড়াক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করবে বলে আশাবাদী ক্রীড়ামন্ত্রক।





