হাজিরা এড়াতে অসুস্থতার নাটক? মেসি-বিভ্রাটে চরম আইনি ফাঁদে অরূপ বিশ্বাস

লিয়োনেল মেসির ‘গোট ট্যুর’ (GOAT Tour) ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খলা এবং আর্থিক দুর্নীতির অভিযোগের ঘটনায় এবার আইনি জালে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বিধাননগর দক্ষিণ থানার তলব পাওয়ার পরেই আচমকা শারীরিক অসুস্থতার কথা জানিয়ে হাজিরা এড়িয়ে গেলেন তিনি। পুলিশ সূত্রে খবর, সশরীরে উপস্থিত না হয়ে আগামী দুই সপ্তাহের সময় চেয়ে তদন্তকারী আধিকারিকদের কাছে আবেদন জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী। তাঁর এই ‘হঠাৎ অসুস্থতা’ নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন ইভেন্টের মূল আয়োজক শতদ্রু দত্ত।

গত ১৭ মে বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে একটি এফআইআর (FIR) দায়ের করেছিলেন শতদ্রু দত্ত। ভারতীয় ন্যায় সংহিতার ৩(৫), ৩০৮(২), ৩১৮(৪), ৩৫১(২) এবং ৬১(২) ধারায় মামলা রুজু করা হয়েছে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে। শতদ্রুর অভিযোগ, মেসির মেগা ইভেন্টকে কেন্দ্র করে ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রায় ২২ হাজার কমপ্লিমেন্টারি টিকিট কেড়ে নেওয়া হয়েছিল, যা পরে চড়া দামে কালোবাজারি করা হয়েছে। এর পাশাপাশি, অনুমতি ছাড়াই মেসির নিরাপত্তা বলয় ভেঙে ফুটবলারের গায়ে হাত দেওয়া, ভয় দেখানো এবং প্রতারণার মতো মারাত্মক অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

আজ, ৪ জুন অরূপ বিশ্বাসকে বিধাননগর দক্ষিণ থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তার আগেই বুধবার রাতে থানার সাথে যোগাযোগ করে তিনি জানান যে শারীরিক অসুস্থতার কারণে আপাতত হাজিরা দেওয়া সম্ভব নয়। উল্লেখযোগ্য বিষয় হলো, বারাসত আদালতে এই মামলায় আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন অরূপ, কিন্তু আদালত তা খারিজ করে দেওয়ায় তাঁর হাতে এখন কোনো আইনি রক্ষাকবচ নেই। ফলে পুলিশ তাঁকে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করতে পারে।

অরূপের এই অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন শতদ্রু দত্ত। তিনি সরাসরি কটাক্ষ করে লিখেছেন, “সমন আসতেই হঠাৎ অসুস্থতা! তবে মনে রাখবেন, মেডিক্যাল সার্টিফিকেট দিয়ে হয়তো কিছুটা সময় কেনা যায়, কিন্তু বিচার থেকে পালানো যায় না। এতদিন সব ঠিকঠাক ছিল, আর সমন আসতেই শরীর খারাপ হয়ে গেল! এটা কাকতালীয় ঘটনা হতে পারে, কিন্তু আইনের হাত থেকে বাঁচার রাস্তা নয়।” প্রশাসনিক মহলের ধারণা, এই ‘অসুস্থতা’র আড়ালে আসলে গ্রেপ্তারি এড়ানোর মরিয়া চেষ্টাই করছেন প্রাক্তন মন্ত্রী।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy