স্কুটার কিনতে গিয়ে দামী BMW! মধ্যবিত্ত ছেলের সারপ্রাইজে চোখের জল ধরে রাখতে পারলেন না মা-বাবা

মধ্যবিত্ত পরিবারে সুখ আর ভালোবাসা যতটা অটুট থাকে, অভাব-অনটন বা আর্থিক সীমাবদ্ধতা অনেক সময় সেখানে কাঁটা হয়ে দাঁড়ায়। কিন্তু সেই অভাবকে জয় করে যখন কোনও সন্তান সাফল্যের শিখরে পৌঁছায় এবং নিজের উপার্জনে বাবা-মায়ের মুখে হাসি ফোটায়, তখন সেই মুহূর্তটি আর পাঁচটা সাধারণ ঘটনার চেয়ে অনেক বেশি স্পেশাল হয়ে ওঠে। সম্প্রতি ইন্টারনেটে এমনই এক হৃদয়স্পর্শী ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে নেটিজেনদের চোখে জল আসতে বাধ্য।

সিদ্ধার্থ ভাদৌরিয়া নামে এক তরুণ প্রযুক্তিবিদ তাঁর বাবা-মায়ের দীর্ঘদিনের ত্যাগ ও পরিশ্রমের প্রতিদান দিতে এক অভাবনীয় পরিকল্পনা করেছিলেন। সিদ্ধার্থের বাবা সবসময় সাধারণ জীবনযাপন করেছেন। তাই ছেলে যখন তাঁকে জানাল যে সে বাবার জন্য একটি নতুন স্কুটার কিনছে, তখন বাবা-মা দুজনেই খুশি হয়েছিলেন। তবে তাঁর মা কিছুটা চিন্তিতও ছিলেন। মধ্যবিত্ত সুলভ মানসিকতা থেকেই তিনি ভেবেছিলেন ছেলে হয়তো শখ মেটাতে দেড়-দুই লক্ষ টাকা খরচ করে ফেলবে, যা তাঁর মতে কিছুটা অপব্যয়। কিন্তু পার্কিং লটে গিয়ে যা দেখলেন, তার জন্য তাঁরা কেউই প্রস্তুত ছিলেন না।

ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, সিদ্ধার্থ তাঁর বাবা-মাকে নিয়ে একটি পার্কিং এলাকায় পৌঁছান। সেখানে পৌঁছে তিনি বাবার হাতে একটি গাড়ির চাবি তুলে দেন। বাবা তখনও বুঝতে পারেননি কী ঘটতে চলেছে। চাবির রিমোট টিপতেই দেখা যায়, একটি সাধারণ স্কুটারের পরিবর্তে সেখানে দাঁড়িয়ে আছে একটি ঝকঝকে সাদা রঙের দামী বিলাসবহুল ‘BMW X1’। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না প্রৌঢ় দম্পতি। অবাক হয়ে বাবা জিজ্ঞেস করে ওঠেন, “এত দামী গাড়ি কে কেনে?” ছেলে সপ্রতিভ ভঙ্গিতে উত্তর দেয়, “দামের কথা ভুলে যান, এখন শুধু যাত্রা উপভোগ করুন।”

ছেলের এই অভাবনীয় উপহার দেখে আবেগ ধরে রাখতে পারেননি সিদ্ধার্থের মা। গাড়িতে বসার সাথে সাথেই তাঁর দু’চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। কান্নারত কণ্ঠে তিনি বলেন, “আমি ভাবতেই পারছি না এটা আমাদের গাড়ি।” সিদ্ধার্থ এই বিশেষ মুহূর্তের ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “ওরা আমাকে সবকিছু দিয়েছে, এখন আমার পালা।”

ইতিমধ্যেই ভিডিওটি ২০ লক্ষেরও বেশি লাইক পেয়েছে এবং কয়েক হাজার মানুষ মন্তব্য করেছেন। জনৈক ইউজার লিখেছেন, “ভাই, তুমি জীবনে সফল হয়ে গেছো, এখন আমাদের লড়াই করার পালা।” অন্য একজন লিখেছেন, “মায়ের এই অকৃত্রিম প্রতিক্রিয়াটি সত্যিই অমূল্য।” সন্তানদের প্রতি বাবা-মায়ের নিঃস্বার্থ ত্যাগের বিনিময়ে এই ধরণের সম্মান প্রদর্শন সত্যিই সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy