সশস্ত্র বাহিনীর চিকিৎসা পরিষেবাকে আরও উন্নত ও আধুনিক করার লক্ষ্যে দিল্লিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হলো। নয়াদিল্লির আর্মি হাসপাতাল (আরঅ্যান্ডআর)-এ তিনটি অত্যাধুনিক এমআরআই মেশিনের উদ্বোধন করলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিজিএএফএমএস-এর সার্জন ভাইস অ্যাডমিরাল আরতি সারিন-সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন এই প্রযুক্তির ফলে মস্তিষ্ক, হৃৎপিণ্ড, ক্যানসার ও হাড়ের জটিল রোগের দ্রুত ও নির্ভুল নির্ণয় সম্ভব হবে, যা সৈনিক ও তাঁদের পরিবারের চিকিৎসা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে।
উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি অঙ্গদানের মতো মহৎ উদ্যোগকে উৎসাহিত করতে এক বিশেষ সভার আয়োজন করা হয়। সেনাপ্রধান অঙ্গদাতা ও যকৃত প্রতিস্থাপনকারীদের পরিবারবর্গকে বিশেষভাবে সম্মানিত করেন। অঙ্গদানকে ‘মানবতার প্রতি সর্বশ্রেষ্ঠ সেবা’ হিসেবে অভিহিত করে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সেনা সদস্য, প্রাক্তন সৈনিক এবং সাধারণ নাগরিকদের এই জীবন রক্ষাকারী কর্মসূচিতে এগিয়ে আসার আহ্বান জানান।
সেনাবাহিনীর অঙ্গ প্রতিস্থাপন কর্মসূচিকে সফল করার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য প্রখ্যাত হেপাটো-বিলিয়ারি ও লিভার প্রতিস্থাপন সার্জন ডঃ সুভাষ গুপ্তকে ‘চিফ অফ আর্মি স্টাফ কমেন্ডেশন’ প্রদান করা হয়। ‘সেবা পরম ধর্ম’—এই মূলমন্ত্রকে পাথেয় করে সশস্ত্র বাহিনী অঙ্গ পুনরুদ্ধার ও প্রতিস্থাপন কর্তৃপক্ষ (AORTA)-এর কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন সেনাপ্রধান। মূলত, সেনাদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি অঙ্গদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।





