বলিউড অভিনেত্রী এবং মডেল গওহর খান, যিনি ২০২৩ সালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন, সম্প্রতি তাঁর দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছেন। গর্ভাবস্থায় ওজন বৃদ্ধি একটি স্বাভাবিক ঘটনা হলেও, গওহর ছেলের জন্মের পর মাত্র ১০ দিনে ১০ কেজি ওজন কমিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তাঁর এই ফিটনেস যাত্রার রহস্য উন্মোচন করেছেন।
গওহর খান তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছিলেন, ছেলে জেহানের জন্মের পর তিনি কীভাবে মাত্র ১০ দিনে ১০ কেজি ওজন কমিয়েছেন। তিনি বলেন, “আমি সচেতন ছিলাম যে আমাকে আবার পর্দায় ফিরতে হবে, তাই বিষয়টিকে হালকাভাবে নিইনি। ছয় মাস আমি স্তন্যদান করেছি, তবে শুধু স্তন্যদান নয়, ফর্মুলাও ব্যবহার করতাম। ওই সময়ে আমি খাবারের প্রতি খুব বেশি মনোযোগ দিইনি, কারণ আমার প্রধান দায়িত্ব ছিল সন্তানকে খাওয়ানো। আমি স্বাভাবিক খাবারই খেতাম, কিন্তু কার্বোহাইড্রেট, ফ্যাট ও প্রোটিনের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতাম।”
ছেলের জন্মের ছয় মাস পর গওহর স্তন্যদান বন্ধ করে দেন। এর পরেই তিনি তাঁর ওজন কমানোর জন্য কঠোর ডায়েট শুরু করেন। তিনি জানান, “আমি বুকের দুধ খাওয়ানো বন্ধ করার পর থেকেই শুধুই স্যুপ আর স্যালাড ডায়েটে চলে যাই। আমার প্রতিদিনের খাবারে শুধু স্যুপ আর স্যালাড থাকত। আমি নন-ভেজ খাবার পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম, এমনকি আমার প্রিয় মটনও ছেড়ে দিই, কারণ তাতে ক্যালোরি বেশি। আমি এসব করেছিলাম কারণ আমি দ্রুত কাজে ফিরতে চেয়েছিলাম।”
তিনি আরও জানান যে, দিনে তিনবার শুধু স্যালাড আর স্যুপ খেতেন। কোনো পেশাদার ডায়েটিশিয়ানের সাহায্য না নিয়ে তিনি নিজেই নিজের জন্য এই রুটিন তৈরি করেছিলেন। গওহরের এই কঠোর শৃঙ্খলা এবং পরিশ্রমের গল্প এখন অনেকের কাছেই অনুপ্রেরণা।





