আজ ২৯ এপ্রিল, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের চূড়ান্ত তথা দ্বিতীয় দফার মহারণ। সকাল ৭টা থেকেই শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া, যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান— এই ৭ জেলার মোট ১৪২টি আসনে আজ ভাগ্য নির্ধারণ হবে প্রার্থীদের। তবে এই শেষ দফার ভোট শুরুর ঠিক আগেই বিস্ফোরক তথ্য সামনে এনেছে নির্বাচন কমিশন।
কমিশনের রিপোর্ট অনুযায়ী, ১৫ মার্চ থেকে শুরু হওয়া অভিযানে রাজ্যজুড়ে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক। এখনও পর্যন্ত ৩৯০টি আগ্নেয়াস্ত্র এবং ৫৯৮ রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। শুধু তাই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হয়েছে ১,৩৪৮টি দেশি বোমা এবং ২২২.৫৭ কেজির বেশি বিস্ফোরক। ভোটের আবহে অশান্তি রুখতে ৪১,৭০৬টি লাইসেন্সধারী বন্দুকও ইতিমধ্যে জমা নিয়েছে প্রশাসন।
ভোটারদের প্রভাবিত করার চেষ্টাও রুখে দিয়েছে কমিশন। ২৬ ফেব্রুয়ারি থেকে চালানো তল্লাশিতে নগদ টাকা, মদ ও মাদকসহ মোট ৫৩২.৮৮ কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। আজ কলকাতার ১১টি হাই-ভোল্টেজ আসনসহ উত্তর ২৪ পরগনার ৩৩টি, দক্ষিণ ২৪ পরগনার ৩১টি, হুগলির ১৮টি, নদীয়ার ১৭টি এবং হাওড়া ও পূর্ব বর্ধমানের ১৬টি করে আসনে ভোটগ্রহণ চলছে। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে তিলোত্তমা থেকে মফস্বল। এখন দেখার, এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের আবহে শেষ দফার ভোট কতটা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।





