বিদায়বেলায় শীতের বড় চমক! মাঘের শেষে যখন অনেকেই লেপ-কম্বল আলমারিতে তোলার কথা ভাবছিলেন, ঠিক তখনই স্বমহিমায় ফিরল উত্তুরে হাওয়া। কুয়াশার দাপট কাটিয়ে এখন রাজ্যজুড়ে পরিষ্কার আকাশ, আর সেই ফাঁকা মাঠ পেয়েই খেল দেখাচ্ছে ঠান্ডা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মঙ্গলবার পর্যন্ত রাজ্যজুড়ে বজায় থাকবে এই শিরশিরানি।
উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির হালহকিকত: কলকাতায় পারদ ঘোরাফেরা করছে ১৪ ডিগ্রির আশেপাশে। তবে জেলাগুলির অবস্থা আরও ‘শীতল’। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামার উপক্রম হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে শীতের মেজাজ আরও তুখোড়। দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। কালিম্পং ও সমতলের জেলাগুলিতেও পারদ থাকবে ১০-১২ ডিগ্রির ঘরে।
কুয়াশা বিদায় ও নতুন ঝঞ্ঝার সংকেত: আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, এখন আর ঘন কুয়াশার দাপট থাকবে না। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে হালকা কুয়াশা দেখা দিতে পারে। সুখের দিন অবশ্য বেশিদিন স্থায়ী হচ্ছে না। আগামী বুধবার থেকেই ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন এলাকায় নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের ফলে উত্তুরে হাওয়া থমকে যাবে, যার ফলে ফেব্রুয়ারি মাঝামাঝি থেকেই শীতের আমেজ ফিকে হতে শুরু করবে।





