পাকিস্তানের লাহোরে প্রকাশ্য রাস্তায় বন্দুকবাজের গুলিতে গুরুতর জখম হলেন কুখ্যাত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা (LeT)-এর অন্যতম প্রতিষ্ঠাতা এবং হাফিজ সাঈদের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী আমির হামজা। লাহোরের একটি বেসরকারি নিউজ চ্যানেলের অফিসের বাইরে এই হামলার ঘটনাটি ঘটে। অজ্ঞাতপরিচয় এক আততায়ী অতর্কিতে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকদের মতে, হামজার অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক।
আমির হামজা আন্তর্জাতিক জঙ্গি জগতের এক পরিচিত নাম। ১৯৮৭ সালে হাফিজ সাঈদের হাত ধরে লস্কর-ই-তৈবা গঠনের পেছনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ভারতের একাধিক নাশকতায় তার যোগসূত্র পাওয়া গিয়েছিল। ২০১৮ সালে তিনি লস্কর থেকে বেরিয়ে ‘জইশ-ই-মানকাফা’ নামে নিজস্ব একটি সংগঠন গড়ে তোলেন। পাকিস্তানে এভাবে একের পর এক ভারত-বিরোধী জঙ্গিদের ওপর হামলার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে খোদ পাক প্রশাসনের অন্দরেই।





