রোমের ঐতিহাসিক কলোসিয়ামের প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বন্ধুত্বের এক নতুন আখ্যান রচিত হলো। বিদেশ সফরের অন্তিম পর্বে রোমে পৌঁছে মেলোনির বিশেষ আতিথেয়তা গ্রহণ করেন মোদি। দুজনে মিলে প্রাচীন নগরীর ঐতিহ্য ঘুরে দেখেন, পাশাপাশি সেরে নেন নৈশভোজ। তাঁদের এই একান্ত সাক্ষাতের ছবিগুলো ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে।
তবে এই সফরের মূল আকর্ষণ ছিল মোদির আনা বিশেষ উপহার। মেলোনিকে তিনি উপহার দেন জনপ্রিয় টফি ‘মেলোডি’। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা যায়, চকোলেটের প্যাকেট হাতে পেয়ে মেলোনি তা গ্রহণ করছেন। কথোপকথনের মাঝে মোদি যখন ‘মেলোডি’ নামটি উচ্চারণ করেন, তখন দুই রাষ্ট্রপ্রধানকেই হাসি মুখে দেখা যায়। প্রসঙ্গত, মেলোনি ও মোদির নামের আদ্যক্ষর মিলিয়ে নেটিজেনরা আগে থেকেই তাঁদের ‘মেলোডি’ জুটি হিসেবে সম্বোধন করে আসছেন। ভারতের জনপ্রিয় ওই চকোলেটের বিজ্ঞাপনের ট্যাগলাইন—‘মেলোডি ইতনী চকোলেটী কিউঁ হ্যায়’—এর সঙ্গে তাঁদের বন্ধুত্বের তুলনা করে নেটিজেনরা এখন সরগরম। পেশাদার কূটনীতির বাইরেও দুই নেতার এই অনাড়ম্বর ও বন্ধুত্বপূর্ণ রসায়ন বিশ্বমঞ্চে এক ইতিবাচক বার্তা পৌঁছে দিল।





