অভিনেতা জীতু কমল এবং অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ সায়নী ঘোষের মধ্যকার ভার্চুয়াল যুদ্ধ এবার এক নজিরবিহীন মোড় নিল। গত শুক্রবার থেকে শুরু হওয়া এই দুই তারকার বাকবিতণ্ডা সোশ্যাল মিডিয়ায় কার্যত অগ্নুৎপাত ঘটিয়েছে। একে অপরকে তীব্র কটাক্ষ, কড়া মন্তব্য ও কাদা ছোড়াছুড়ির মাঝে টলিপাড়ার এই হাই-প্রোফাইল বিতর্কে জীতু কমল এমন এক মাস্টারস্ট্রোক দিলেন, যা দেখে তাজ্জব বনে গিয়েছে নেটপাড়া। নিজের চারিত্রিক সততা প্রমাণ করতে এবং সায়নী ঘোষের তোলা গুরুতর অভিযোগের জবাব দিতে জীতু মাঝরাতে লাইভে এলেন তাঁর প্রাক্তন স্ত্রী নবনীতা দাসের হাত ধরে।
সমগ্র ঘটনার সূত্রপাত সায়নী ঘোষের একটি বিস্ফোরক পোস্টকে কেন্দ্র করে। সায়নী দাবি করেছিলেন, জীতু কমলের কোনো এক চরম ‘কুকর্মের’ কথা জানাতে প্রাক্তন স্ত্রী নবনীতা নাকি সায়নীকে ফোন করেছিলেন। এই দাবি টলিপাড়া থেকে রাজনৈতিক মহল—সবত্রই শোরগোল ফেলে দেয়। সায়নীর এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণ করতেই দীর্ঘ তিন বছর পর নবনীতার সঙ্গে একফ্রেমে ধরা দিলেন জীতু। শুক্রবার রাত ঠিক দুটো নাগাদ হঠাৎই ফেসবুক লাইভে আসেন টলিউডের এই প্রাক্তন দম্পতি।
বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেও যে নবনীতার সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণে কোনো তিক্ততা বা নোংরামি নেই, তা সায়নীকে স্পষ্ট বুঝিয়ে দিতেই জীতুর এই লাইভ। অত্যন্ত নাটকীয়ভাবে, শান্ত মেজাজে কুলফি খেতে খেতে লাইভ শুরু করেন অভিনেতা। আরও চমকপ্রদ বিষয় হলো, লাইভের জন্য জীতু বেছে নিয়েছিলেন কলকাতার কেন্দুয়া শান্তিসংঘের পুজোমণ্ডপের সামনের চত্বরটি। উল্লেখ্য, এই পুজোর ব্র্যান্ড অ্যাম্বাসাডার স্বয়ং সায়নী ঘোষ! অর্থাৎ, সায়নীর খাসতালুকে দাঁড়িয়েই তাঁকে মোক্ষম জবাব দেওয়ার রণকৌশল সাজিয়েছিলেন জীতু।
বিচ্ছেদের পর এই প্রথমবার জীতু ও নবনীতাকে একসঙ্গে ক্যামেরার সামনে দেখা গেল। লাইভে দুজনেই ছিলেন অত্যন্ত খোশমেজাজে। সায়নীর অভিযোগ সরাসরি নস্যাৎ করে জীতু বলেন, “ঘোষ মহাশয়া দাবি করেছেন যে আমি নাকি নবনীতার সঙ্গে দিনের পর দিন কুকর্ম করেছি! বাঙালি রাজনীতিবিদদের মধ্যে এই একটা নোংরা ট্রেন্ড তৈরি হয়েছে— কেউ ডিভোর্স করলেই একজন অন্যজনকে নিয়ে খোঁচা মারো, কাদা ছেটাও।” রাজনীতিকে তীব্র আক্রমণ করে অভিনেতা আরও বলেন, “আমরা এই নোংরা রাজনীতির ঊর্ধ্বে উঠে সমাজকে দেখিয়ে দেব যে, ডিভোর্স হওয়ার পরেও আজীবন খুব ভালো বন্ধু হয়ে থাকা যায়।” জীতুর এই মন্তব্যের সময় পাশে থাকা নবনীতার সম্মতি ও চেনা হাসি সায়নীর দাবিকে এক তুড়িতে উড়িয়ে দিয়েছে।
পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর থেকেই টলিপাড়ার অন্দরে তারকাদের একাংশের মধ্যে তীব্র মেরুকরণ দেখা যাচ্ছে। বিগত কয়েক দিনে ‘পাল্টিবাজ’, ‘পরজীবী’ থেকে শুরু করে ‘সুবিধেবাদী’র মতো কড়া কড়া বিশেষণ টলিউডের অন্দরে একে অপরের উদ্দেশ্যে দেদার ব্যবহৃত হচ্ছে। সেই তালিকার শীর্ষে এখন জীতু ও সায়নী। এর আগে সায়নী ঘোষ জীতুকে ‘টলিউডের কঙ্গনা রানাওয়াত’ বলে তোপ দেগেছিলেন, যার জবাবে জীতুও সায়নীকে ‘পাল্টিবাজ’ বলতে ছাড়েননি। তবে মাঝরাতে প্রাক্তন স্ত্রীকে পাশে নিয়ে জীতুর এই লাইভ সায়নী ঘোষকে ব্যাকফুটে ঠেলে দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ‘অপরাজিত’ অভিনেতার এই পাল্টা চালের পর সায়নী এবার কী পদক্ষেপ করেন, এখন সেটাই দেখার।





