‘বিজেপি ৫০-এর নিচে নামবে!’ ভোট দিয়েই বড় ভবিষ্যৎবাণী অভিষেকের, ৪ মে-র ডেডলাইন দিয়ে দিলেন তৃণমূল সাংসদ!

রাজ্যে আজ গণতন্ত্রের উৎসবের অন্তিম প্রহর। দ্বিতীয় দফার হাই-ভোল্টেজ নির্বাচনে বুধবার সকালে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটকেন্দ্র থেকে বেরিয়েই তিনি চড়া সুরে আক্রমণ শানালেন বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তাঁর দাবি, এই দফার ভোট মিটলেই স্পষ্ট হয়ে যাবে যে বিজেপির আসন সংখ্যা ৫০-এর নিচে নেমে যাচ্ছে।

আসন সংখ্যা নিয়ে বড় ঘোষণা:
অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন সরাসরি জয়ের দাবি করে বলেন, “বাংলার মানুষকে গত কয়েক বছরে যেভাবে নির্যাতন করা হয়েছে, তার ফল বিজেপি হাড়ের হাড়ে টের পাবে। ৪ মে যখন ব্যালট বাক্স খুলবে, দেখা যাবে বিজেপি ৫০-এর নিচে নেমে এসেছে। হুমকি আর হুঁশিয়ারি দিয়ে ভোট করানোর চেষ্টা করলেও বাংলার মানুষ জানেন কাকে ভোট দিতে হবে। এই দ্বিতীয় দফাতেই বিজেপির দফারফা হয়ে যাবে।”

কমিশন ও কেন্দ্রীয় বাহিনীকে কটাক্ষ:
ভোটের নিরাপত্তায় অতিসক্রিয়তা নিয়ে নির্বাচন কমিশনকে ব্যঙ্গ করতে ছাড়েননি অভিষেক। তিনি বলেন, “ভারতীয় সেনার রাফাল আর যুদ্ধজাহাজ মোতায়েন করা শুধু বাকি আছে। ওটাও করে দিন না! ভারত-পাকিস্তান বা ভারত-বাংলাদেশ সীমান্তে যা করা উচিত, তা আপনারা বাংলার বুথে করছেন।” বিশেষ পর্যবেক্ষকদের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, “পর্যবেক্ষকরা কেন বাড়ি বাড়ি তল্লাশি করতে যাবেন? তাঁরা তো রিপোর্ট দেবেন কমিশনকে। এসব করে তৃণমূলকে আটকানো যাবে না।”

অজয় পাল শর্মাকে আক্রমণ:
ফলতায় পুলিশ পর্যবেক্ষক হিসেবে আসা উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অজয় পাল শর্মার ভূমিকা নিয়েও সরব হন অভিষেক। তিনি অভিযোগ করেন, “উত্তরপ্রদেশ থেকে এক অফিসার নিয়ে আসা হয়েছে শুধু ফুটেজ খাওয়ার জন্য। তিনি নির্বাচনের রুল বুক মেনে কাজ করছেন না। এই সব কোনো ট্রিকই কাজ করবে না।” অভিষেকের দাবি, ২০২১ সালের চেয়েও বেশি জনসমর্থন নিয়ে ফের ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy