বিজয়ের এক ভুলে কি হাতছাড়া হতে চলেছে কুর্সি? ১০৮ পেয়েও শপথ নিতে কেন বাধা থলাপতিকে!

রূপোলি পর্দার ‘থালাপতি’ বিজয় রাজনীতির ময়দানে প্রথমবার নেমেই ছক্কা হাঁকিয়েছেন। তাঁর দল টিভিকে (TVK) ১০৮টি আসন পেয়ে তামিলনাড়ুর একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। কিন্তু নির্বাচনের ফল বেরোনোর চার দিন পরেও বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া এখন বিশ বাঁও জলে। আর এই সংকটের নেপথ্যে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র নয়, বরং বিজয়ের নিজের করা একটি ‘কারিগরি ভুল’ বা টেকনিক্যাল এরর রয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

ঠিক কী ঘটেছিল ৬ মে? রাজভবন সূত্রে খবর, সেদিন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের কাছে সরকার গঠনের দাবি জানাতে গিয়ে বিজয় যে চিঠিটি পেশ করেন, তাতেই ছিল মস্ত বড় এক কৌশলগত ত্রুটি। ওই চিঠিতে বিজয়ের নিজের দলের ১০৮ জন বিধায়কের নামের পাশাপাশি কংগ্রেসের বিধায়কদের স্বাক্ষরও ছিল। সংবিধান বিশেষজ্ঞদের মতে, বিজয় যদি নিজেকে একক বৃহত্তম দলের নেতা হিসেবে দাবি করতেন, তবে তাঁর চিঠিতে শুধুমাত্র টিভিকে বিধায়কদের নাম থাকা বাঞ্ছনীয় ছিল। কংগ্রেসের নাম ও স্বাক্ষর যোগ হওয়ায় রাজ্যপাল এটিকে একটি ‘জোট সরকার’ গঠনের আবেদন হিসেবে গণ্য করেন। ফলে নিয়ম অনুযায়ী, রাজ্যপাল তৎক্ষণাৎ বিজয়ের কাছে ১১৮ জন বিধায়কের (ম্যাজিক ফিগার) সমর্থন দাবি করেন।

বিজয় যদি প্রথমে শুধুমাত্র নিজের দলের ১০৮ জনের তালিকা দিতেন, তবে রাজ্যপাল তাঁকে একক বৃহত্তম দল হিসেবে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে বাধ্য হতেন এবং পরবর্তীতে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সুযোগ দিতেন। কিন্তু এই ছোট আইনি ভুলে পরিস্থিতি এখন জটিল হয়ে উঠেছে। দ্বিতীয়বার রাজ্যপালের সঙ্গে বৈঠকেও কোনো সমাধান মেলেনি। লোক ভবনের স্পষ্ট বার্তা—প্রয়োজনীয় গরিষ্ঠতার প্রমাণ ছাড়া বিজয়কে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে দেওয়া সম্ভব নয়।

৫১ বছর বয়সী বিজয়ের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই। তাঁর দলের বিধায়কদের গড় বয়সও মাত্র ৪৪। এই অনভিজ্ঞতাই কি কাল হলো? সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের দাবি, “সঠিক আইনি পরামর্শদাতা থাকলে বিজয় আজই শপথ নিতেন।” অন্যদিকে, অভিষেক মনু সিংভি বা মুকুল রোহতগির মতো শীর্ষ আইনজীবীদের মতে, রাজ্যপাল চাইলে একক বৃহত্তম দলের নেতা হিসেবে বিজয়কে সুযোগ দিতেই পারতেন। সব মিলিয়ে, চেন্নাইয়ের রাজপথ থেকে রাজভবন—এখন শুধু একটাই প্রশ্ন, বিজয়ের এই ‘ভুল’ কি তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় মাশুল হতে চলেছে?

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy