পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণের শুরু থেকেই সরগরম হয়ে উঠল হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। নিজের খাসতালুকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ বুথ পরিদর্শনের সময় মমতার সঙ্গে থাকা জমায়েত নিয়ে প্রশ্ন তুলে শুভেন্দু বলেন, “এখানে BNSS-এর ১৬৩ ধারা (আগের ১৪৪ ধারা) জারি রয়েছে। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী কেন এত লোকজন নিয়ে ঘুরছেন? উনি কি ভয় পেয়েছেন?” শুভেন্দু আরও দাবি করেন, ভবানীপুরের মানুষ তাঁকে গ্রহণ করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই আসনে ‘পেরে উঠেছেন’।
অন্যদিকে, পাল্টা মারমুখী মেজাজে ধরা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। বিজেপির বিরুদ্ধে ‘ভোট লুঠ’ এবং তৃণমূল কর্মীদের ওপর শারীরিক নিগ্রহের অভিযোগ তুলেছেন তিনি। গতরাতে আক্রান্ত এক কর্মীর কথা উল্লেখ করে মমতা সাংবাদিকদের বলেন, “কী গুন্ডামি চলছে দেখুন! এভাবে ভোট হয় না। বিজেপি জোর করে পেশ পেশি প্রদর্শন করে গণতন্ত্রের উৎসব নষ্ট করতে চাইছে। আমাদের কর্মীরা জীবন দিতে রাজি, কিন্তু এক ইঞ্চি জমি ছাড়বে না।”
উল্লেখ্য, গত ১৫ বছর ধরে ভবানীপুর মমতার গড় হলেও ২০২১-এর নন্দীগ্রামের হারের স্মৃতি এখনও টাটকা। এবার ১৪২টি আসনের এই বিশাল কর্মযজ্ঞে দক্ষিণবঙ্গ ও কলকাতার এই শক্ত ঘাঁটি রক্ষা করা তৃণমূলের জন্য বড় ‘লিটমাস টেস্ট’। মোট ১,৪৪৮ জন প্রার্থীর ভাগ্য আজ নির্ধারিত হচ্ছে ইভিএম-এ।





