প্রেম-যৌনতার টোপ! ফেসবুকে প্রেমের ফাঁদে পড়ে ৯ কোটি টাকা খোয়ালেন ৮০ বছরের বৃদ্ধ

সমাজমাধ্যমে প্রেম এবং যৌনতার টোপে পড়ে এক বৃদ্ধ দুই বছরে প্রায় ৯ কোটি টাকা খুইয়েছেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। সম্প্রতি সর্বস্ব হারিয়ে ওই বৃদ্ধ পুলিশের দ্বারস্থ হয়েছেন এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ঘটনার সূত্রপাত ২০২৩ সালে। শার্ভি নামে এক মহিলা ওই বৃদ্ধকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। সেখান থেকেই তাদের মধ্যে কথাবার্তা শুরু হয় এবং ধীরে ধীরে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়। শার্ভি জানান যে, তিনি তার স্বামীর সঙ্গে থাকেন না এবং সন্তানদের নিয়ে আলাদা থাকেন। এরপরই তিনি সন্তানদের অসুস্থতার নাম করে ওই বৃদ্ধের কাছ থেকে টাকা চাইতে শুরু করেন।

কিছুদিন পর কবিতা নামে আরও এক মহিলা হোয়াটসঅ্যাপে ওই বৃদ্ধকে মেসেজ করতে শুরু করেন। তিনি নিজেকে শার্ভির পরিচিত বলে দাবি করেন এবং তার সঙ্গেও বৃদ্ধের ঘনিষ্ঠতা বাড়ে। অভিযোগ উঠেছে, কবিতা তাকে বিভিন্ন অশ্লীল ছবিও পাঠাতেন। এরপর আরও দুই মহিলার সঙ্গে তার আলাপ হয়। এই চারজন মহিলাই প্রেম এবং যৌনতার প্রলোভন দেখিয়ে নানা অজুহাতে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেয়।

গত জুলাই মাসে ওই বৃদ্ধ সর্বস্ব হারিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই প্রতারণা চক্রের পেছনে একজনই মূল হোতা রয়েছেন। তিনিই বিভিন্ন ভুয়ো পরিচয়ে ওই বৃদ্ধের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং যৌনতার টোপ দিয়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও, এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এই ঘটনাটি সাইবার অপরাধ এবং সামাজিক মাধ্যমে প্রতারণার বিষয়ে মানুষকে আরও সতর্ক থাকার বার্তা দিচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy