মহারাষ্ট্রের লাতুরের কোপেগাঁও শিভার এলাকায় আট একরের বিশাল জমির ওপর মাথা তুলেছে আকাশছোঁয়া বহুতল। নিট (NEET UG) প্রশ্নফাঁস কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই প্রকাশ্যে এসেছে ‘রেনুকাই কেমিস্ট্রি ক্লাসেস’-এর প্রতিষ্ঠাতা শিবরাজ রঘুনাথ মোতেগাঁওকরের এই বিলাসবহুল ‘ড্রিম প্রজেক্ট’। শিক্ষামহলে ‘এম স্যার’ নামে পরিচিত শিবরাজ কেবল কোচিং সেন্টারেই সীমাবদ্ধ ছিলেন না, বরং এই আট একরের জমিতে গড়ে তুলছিলেন এক বিশালাকার স্কুল-কলেজ। তদন্তকারীদের প্রধান প্রশ্ন, নিট প্রশ্নফাঁস থেকে উপার্জিত কোটি কোটি টাকা এই নির্মাণকাজের মাধ্যমে কি সাদা করার চেষ্টা চলছিল?
গত রবিবার শিবরাজকে গ্রেফতারের পর তাঁর মোবাইল থেকে ৩ মে-র নিট পরীক্ষার লিক হওয়া প্রশ্নপত্র ও উত্তরপত্রের হদিস পায় সিবিআই। তদন্তে জানা গেছে, পরীক্ষা হওয়ার ১০ দিন আগেই তাঁর কাছে প্রশ্নপত্র পৌঁছে গিয়েছিল। এনটিএ-র ঘনিষ্ঠ অধ্যাপক পি ভি কুলকার্নির সাথে তাঁর গভীর সখ্যতা এবং উদ্ধার হওয়া প্রশ্নপত্রের সাথে আসল পরীক্ষার প্রশ্নের হুবহু মিল থাকার তথ্য প্রমাণ হিসেবে উঠে এসেছে। দিল্লি, জয়পুর থেকে শুরু করে মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে জাল বিস্তারকারী এই চক্রের মোট ১০ জন রাঘববোয়ালকে এখন পর্যন্ত গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ‘এম স্যার’-কে জেরা করে এই দুর্নীতির শিকড় কত গভীরে এবং আরও কত বেনামি সম্পত্তির হদিস মেলে, এখন সেটাই দেখার বিষয়।





