নগাঁয় রক্তক্ষয়ী লড়াই! বিজেপি প্রার্থীর প্রচারে বাধা, তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগে রণক্ষেত্র এলাকা

ভোটের মুখে ফের উত্তপ্ত বনগাঁ। এবার বিজেপি প্রার্থী অশোক কীর্তনীয়ার প্রচারে বাধা দেওয়া এবং তাঁকে ও তাঁর কর্মীদের মারধরের অভিযোগে বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রজুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বনগাঁ থানার সামনেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন বিজেপি প্রার্থী ও তাঁর অনুগামীরা।

বৃহস্পতিবার সকালে বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায় দলীয় কর্মীদের নিয়ে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী অশোক কীর্তনীয়া। প্রার্থীর অভিযোগ, প্রচার শুরু হতেই স্থানীয় তৃণমূল কাউন্সিলর পাপাই রাহার নেতৃত্বে তৃণমূল কর্মীরা তাঁদের পথ আটকান। শুরু হয় তীব্র বাদানুবাদ, যা মুহূর্তের মধ্যে হাতাহাতিতে রূপ নেয়। বিজেপির দাবি, তাঁদের কর্মীদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে এবং প্রার্থীকে হেনস্থা করা হয়েছে।

হামলার অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা পাপাই রাহা পাল্টা দাবি করেন, “এলাকার মানুষ পাঁচ বছর বিধায়ককে দেখতে পাননি। আজ তিনি পাড়ায় আসায় মহিলারা উন্নয়নের হিসাব চেয়েছিলেন। তখনই ক্ষিপ্ত হয়ে বিজেপি কর্মীরা মহিলাদের ওপর চড়াও হন এবং তাঁদের মারধর করেন।”

সংঘর্ষের খবর পেয়েই এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা। তাঁদের হস্তক্ষেপে সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও উত্তেজনা কমেনি। দোষীদের গ্রেফতার না করা পর্যন্ত থানা থেকে নড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন অশোক কীর্তনীয়া। উল্লেখ্য, এর আগেও একাধিকবার বনগাঁ পুর এলাকায় প্রচারের সময় ‘গো-ব্যাক’ স্লোগান এবং বাধার মুখে পড়তে হয়েছে তাঁকে। এই ঘটনাকে কেন্দ্র করে বনগাঁয় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy