দুধের পর এবার হু হু করে বাড়ছে পাউরুটির দাম, কারণ জানলে চমকে উঠবেন

দেশজুড়ে যেন একের পর এক মূল্যস্ফীতির বোমা ফাটছে! গত এক সপ্তাহ ধরে জ্বালানির লাগামছাড়া দাম বৃদ্ধির জেরে সাধারণ মানুষের পকেট এমনিতেই ফাঁকা। পেট্রোল, ডিজেল এবং সিএনজির পর সম্প্রতি দাম বেড়েছে দুধের। আর এবার সাধারণ মানুষের সকালের জলখাবারেও পড়ল টান। এবার একধাক্কায় দাম বাড়ল নিত্যপ্রয়োজনীয় পাউরুটির (Bread Price Hike)।

মুম্বইয়ের অন্যতম শীর্ষস্থানীয় পাউরুটি প্রস্তুতকারক সংস্থা মডার্ন (Modern) ব্রেড একবারে এক প্যাকেট রুটির দাম সর্বোচ্চ ৫ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ১৬ মে থেকে এই বর্ধিত দাম কার্যকর হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, মডার্ন ব্রেডকে দেখে এবার ব্রিটানিয়া (Britannia) এবং উইবস (Wibs)-এর মতো অন্যান্য নামী ব্র্যান্ডগুলোও দ্রুত দাম বাড়াতে পারে।

এক নজরে পাউরুটির নতুন দাম (৪০০ গ্রাম প্যাক):

স্যান্ডউইচ ব্রেড: আগে ছিল ৪০ টাকা ➡️ এখন বেড়ে হয়েছে ৪৫ টাকা।

হোল হুইট (Whole wheat) ব্রেড: আগে ছিল ৫৫ টাকা ➡️ এখন বেড়ে হয়েছে ৬০ টাকা।

মাল্টিগ্রেইন ব্রেড: আগে ছিল ৬০ টাকা ➡️ এখন বেড়ে হয়েছে ৬৫ টাকা।

ব্রাউন ব্রেড: আগে ছিল ৪৫ টাকা ➡️ এখন বেড়ে হয়েছে ৫০ টাকা।

ছোট সাদা পাউরুটি: আগে ছিল ২০ টাকা ➡️ এখন বেড়ে হয়েছে ২২ টাকা।

ছোট ব্রাউন ব্রেড: আগে ছিল ২৮ টাকা ➡️ এখন বেড়ে হয়েছে ৩০ টাকা।

দুধের পর রুটি! কেন এই রেকর্ড মূল্যবৃদ্ধি?

কয়েকদিন আগেই আমুল (Amul) এবং মাদার ডেয়ারি (Mother Dairy)-র মতো সংস্থাগুলি প্রতি লিটার দুধে ২ টাকা করে দাম বাড়িয়েছিল, যা ১৪ মে থেকে কার্যকর হয়েছে। তার ঠিক দু’দিনের মাথায় পাউরুটির এই দাম বৃদ্ধিতে মাথায় হাত মধ্যবিত্তের। কিন্তু কেন হঠাৎ এই দাম বৃদ্ধি?

কোম্পানিগুলির দাবি, এই মূল্যবৃদ্ধির পেছনে মূল ৪টি খলনায়ক রয়েছে: ১. কাঁচামালের চড়া দাম: আটা, ময়দা ও অন্যান্য উপকরণের খরচ একধাক্কায় অনেকটাই বেড়েছে। ২. টাকার অবমূল্যায়ন ও প্লাস্টিক সংকট: ভারত প্যাকেজিং বা মোড়কজাতকরণের জন্য প্রয়োজনীয় প্লাস্টিকের কাঁচামাল বিদেশ থেকে আমদানি করে। আন্তর্জাতিক বাজারে ভারতীয় মুদ্রা রুপির ক্রমাগত পতনের ফলে এই আমদানি খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। ৩. পরিবহন খরচ: মাত্র ৫ দিনের ব্যবধানে তেল কোম্পানিগুলি দু’বার পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে। ফলে দেশের লজিস্টিকস ও সাপ্লাই চেইন বা পরিবহন খরচ আকাশছোঁয়া হয়ে উঠেছে।

জ্বালানি, দুধ এবং পাউরুটির এই ব্যাক-টু-ব্যাক দাম বৃদ্ধির ফলে আগামী দিনে রেস্তোরাঁ থেকে শুরু করে সাধারণ বেকারি পণ্যের দামও যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy