টালিগঞ্জে ‘বিশ্বাস ব্রাদার্সের’ জমানা শেষ! ফেডারেশনের ঘরে বোতল বোতল গঙ্গাজল ছেটালেন বিধায়ক পাপিয়া অধিকারী!

টলিউড বা স্টুডিও পাড়ায় দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে চলা একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটল। টলিপাড়ার অলিখিত শাসক হিসেবে পরিচিত ‘বিশ্বজিৎ ব্রাদার্স’ অর্থাৎ স্বরূপ বিশ্বাস ও অরূপ বিশ্বাসের জমানা শেষ হতেই এবার এক নজিরবিহীন ও নাটকীয় দৃশ্যের সাক্ষী থাকল টেকনিশিয়ান্স স্টুডিও। ফেডারেশন অব সিনেমা টেকনিশিয়ান্স-এর অফিস ঘরে রীতিমতো বোতলে করে গঙ্গাজল এনে চারদিকে ছেটালেন অভিনেত্রী তথা টলিউডের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী! তাঁর সাফ কথা— “টালিগঞ্জ এবার স্বাধীন হলো, এবার খোলা হাওয়ায় শ্বাস নিন!”

বোতল বোতল গঙ্গাজলে ‘শুদ্ধিকরণ’!

রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই টলিপাড়ার ফেডারেশন দখল নিয়ে পারদ চড়ছিল। দীর্ঘ বছর ধরে স্বরূপ বিশ্বাসের নেতৃত্বাধীন ফেডারেশনের বিরুদ্ধে টকনিশিয়ান, পরিচালক ও শিল্পীদের একাংশের ওপর একনায়কতন্ত্র ও ভয়ের পরিবেশ তৈরির অভিযোগ উঠছিল। এদিন ফেডারেশনের দায়িত্ব বুঝে নিতেই এক অভিনব কায়দায় প্রতিবাদ ও শুদ্ধিকরণ সারলেন পাপিয়া অধিকারী।

ফেডারেশনের ঘরের কোণায় কোণায় গঙ্গাজল ছেটাতে ছেটাতে পাপিয়া অধিকারী বলেন:

“এখানে দীর্ঘদিন ধরে যে সিন্ডিকেট রাজ, ভয় আর দুর্নীতির অপশাসন চলেছিল, আজ তা থেকে টলিপাড়া মুক্তি পেল। এই গঙ্গাজল ছেটানোর অর্থ হলো— আজ থেকে স্টুডিও পাড়ার সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হলো। এবার সব শুদ্ধ হলো।”

“খোলা হাওয়ায় শ্বাস নিন টেকনিশিয়ানরা”

ফেডারেশনে উপস্থিত সাধারণ টেকনিশিয়ান ও কলাকুশলীদের উদ্দেশে বিধায়ক আশ্বাস দিয়ে জানান, নতুন জমানায় কোনো শিল্পী বা টেকনিশিয়ানকে কাজ হারানোর ভয়ে বা কোনো নির্দিষ্ট নেতার হুমকিতে কুঁকড়ে থাকতে হবে না। যোগ্যতা অনুযায়ী সবাই কাজ পাবেন এবং টলিপাড়ায় স্বাধীনভাবে কাজ করার পরিবেশ ফিরিয়ে আনা হবে।

পাল্টা সুর বিরোধী শিবিরের

এদিকে, পাপিয়া অধিকারীর এই ‘গঙ্গাজল ছেটানো’ এবং ‘বিশ্বাস ব্রাদার্সের জমানা শেষ’ করার দাবিকে ঘিরে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিদায়ী শিবিরের একাংশের দাবি, গঙ্গাজল ছিটিয়ে সস্তা দরের নাটক করা হচ্ছে। ফেডারেশন সবসময় টেকনিশিয়ানদের পাশেই ছিল।

তবে টলিপাড়ার একটা বড় অংশের মতে, এই পালাবদলের পর টেকনিশিয়ান্স স্টুডিওর অন্দরে যে বহুদিনের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ ঘটল এবং ক্ষমতার অলিন্দে বড়সড় ওলটপালট হয়ে গেল, তা আর বলার অপেক্ষা রাখে না।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy