চলন্ত গাড়িতে ভয়াবহ আগুন!, গাড়িতে পুড়ে ছাই একই পরিবারের ৪ যাত্রী

রাজস্থানের আজমের জেলায় এক ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের। বৃহস্পতিবার ভোরে বরোদা থানা এলাকার শ্রীরামপুরা গ্রামে একটি চলন্ত গাড়িতে হঠাৎ আগুন লেগে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃতদের মধ্যে রয়েছেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান রাম সিং চৌধুরী, তাঁর মা পুষি দেবী, স্ত্রী সুরজ্ঞান দেবী এবং ভাইঝি মহিমা।

কীভাবে ঘটল ঘটনা? সূত্রের খবর, জেলা পরিষদের সদস্য পুষি দেবী হঠাৎ অসুস্থ বোধ করায় তাঁকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তাঁর ছেলে রাম সিং চৌধুরী। পরিবার ও স্থানীয় সূত্রের দাবি, গাড়িটি যখন শ্রীরামপুরা গ্রামের কাছে পৌঁছায়, তখনই হঠাৎ গাড়িতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলতে শুরু করে গাড়িটি। আগুনের লেলিহান শিখা এতই ভয়াবহ ছিল যে, গাড়ি থেকে বেরোনোর ন্যূনতম সুযোগটুকুও পাননি রাম সিং, তাঁর স্ত্রী ও ভাইঝি। ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়।

হাসপাতালে মৃত্যু মায়ের: স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে কোনোক্রমে গাড়ি থেকে চারজনকে বের করে আনেন। তখন দেখা যায়, প্রাক্তন পঞ্চায়েত প্রধানের মা পুষি দেবী তখনও জীবিত রয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় পরে তাঁরও মৃত্যু হয়।

পুলিশি তদন্ত: খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বরোদা থানার পুলিশ। স্থানীয়দের সহায়তায় পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সুপার হর্ষবর্ধন আগরওয়াল। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, গাড়িতে শর্ট সার্কিট অথবা কোনো যান্ত্রিক ত্রুটির কারণেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। তবে প্রকৃত কারণ জানতে ফরেনসিক পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

একই পরিবারের চার সদস্যের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy