হরিদ্বারের সবথেকে পবিত্র স্থান ‘হর কি পাউড়ি’ ঘাটের মর্যাদা ক্ষুণ্ণ করার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার গভীর রাতে উত্তরপ্রদেশের বাগপত জেলার চার যুবক মদ্যপ অবস্থায় পবিত্র ঘাটে অশালীন কর্মকাণ্ডে লিপ্ত হয়। মদ্যপ ওই যুবকদের বিরুদ্ধে মহিলাদের হেনস্থা এবং গঙ্গার ঘাটে অশ্লীল আচরণের অভিযোগ ওঠে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তীব্র প্রতিবাদ জানান স্থানীয় বাসিন্দারা।
প্রত্যক্ষদর্শীদের দাবি, রাজীব, বিপিন, কপিল শর্মা ও বিকাশ নামে ওই চার যুবক এতটাই নেশাগ্রস্ত ছিল যে তারা ঠিকমতো দাঁড়াতেও পারছিল না। ঘাটের সিঁড়িতে মহিলাদের অশ্লীল মন্তব্য করা থেকে শুরু করে গঙ্গার পবিত্রতা নষ্ট করে—সবটাই তারা বেপরোয়াভাবে করে। স্থানীয়রা বাধা দিলে তারা তর্কে জড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়া মাত্রই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। খবর পেয়ে হর কি পাউড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের গ্রেপ্তার করে।
হরিদ্বারের পুরোহিত ও সাধু সমাজের মধ্যে এই ঘটনায় গভীর ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন স্থানীয়রা। পবিত্র এই তীর্থস্থানের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশি টহলদারি বৃদ্ধি এবং সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানোর আর্জি জানিয়েছেন সাধুরা। এই ঘটনা গঙ্গার পবিত্রতা রক্ষার লড়াইয়ে স্থানীয়দের সচেতনতাকে আরও জোরালো করে তুলেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।





