সাধারণ কোনো সবজি বা ডালের সঙ্গে গরম, নরম ও তুলতুলে রুটির মেলবন্ধন এক অতুলনীয় অনুভূতির নাম। তবে সমস্যা হয় তখন, যখন তৈরির কিছুক্ষণ পরেই রুটি শক্ত ও শুকনো হয়ে যায়। বিশেষ করে টিফিন বা ভ্রমণের জন্য প্যাক করা রুটির ক্ষেত্রে এই অভিজ্ঞতার মুখোমুখি অনেকেই হন। রান্না বিশেষজ্ঞদের মতে, রুটির কোমলতা কেবল সেঁকার ওপর নয়, বরং আটা মাখার সঠিক কৌশলের ওপরই বেশি নির্ভর করে।
রুটি দীর্ঘ সময় নরম রাখার গোপন রহস্য লুকিয়ে আছে আটা মাখার পদ্ধতিতে। প্রথমত, আটা বা ময়দা মাখার সময় সাধারণ জলের বদলে হালকা গরম জল ব্যবহার করা জরুরি। এটি আটার গ্লুটেনকে নমনীয় রাখে, ফলে রুটি দীর্ঘক্ষণ নরম থাকে। ঠান্ডা জলে মাখা আটার রুটি খুব দ্রুত শক্ত হয়ে যাওয়ার প্রবণতা দেখায়।
দ্বিতীয়ত, আটা মাখার সময় এক থেকে দুই চা চামচ ঘি বা তেল মিশিয়ে নিন। এটি রুটির আর্দ্রতা ধরে রাখতে জাদুর মতো কাজ করে। আরও বেশি তুলতুলে রুটি চাইলে জলের পরিবর্তে সামান্য দুধ মিশিয়ে আটা মাখতে পারেন। দুধে থাকা ফ্যাট রুটিকে দীর্ঘ সময় নরম ও সুস্বাদু রাখে। এই সহজ ও কার্যকরী কৌশলগুলো মেনে চললে আপনার তৈরি রুটি ঘণ্টার পর ঘণ্টা থাকবে একদম সতেজ।





