আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতির পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবার তীব্র আক্রমণ শানালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি কটাক্ষ করে বলেন, মুখ্যমন্ত্রী ‘এতকিছু’ বললেও বাস্তবে ‘কিছুই করেননি’।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুকান্ত মজুমদার বলেন, “আর জি করের পর মাননীয়া মুখ্যমন্ত্রী এতকিছু বলেছিলেন এই হবে ওই হবে, এ তো দেখা যাচ্ছে কুছ নেহি কারেঙ্গা। কিছুই তো করেননি উনি।”
প্রসঙ্গত, আর জি কর হাসপাতাল দীর্ঘদিন ধরেই বিভিন্ন অব্যবস্থা ও জটিলতা নিয়ে বিতর্কের কেন্দ্রে ছিল। মুখ্যমন্ত্রী নিজে সেখানে গিয়ে পরিস্থিতি পরিদর্শনের পর একাধিক পদক্ষেপের ঘোষণা করেছিলেন। সুকান্ত মজুমদারের এদিনের মন্তব্য সেই ঘোষণাগুলির বাস্তবায়ন না হওয়াকেই লক্ষ্য করে করা হয়েছে। সরকারি স্বাস্থ্য পরিষেবার মান নিয়ে প্রশ্ন তুলে বিজেপি নেতা কার্যত বোঝাতে চাইলেন, প্রতিশ্রুতির বন্যা বইলেও কাজের কাজ কিছুই হচ্ছে না।





