বাংলার বিধানসভা নির্বাচনে জয়ের রেশ কাটতে না কাটতেই এবার চরম বিতর্কে জড়ালেন উত্তর কলকাতার কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি বিধায়ক রীতেশ তিওয়ারি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে তৃণমূল হেভিওয়েট অতীন ঘোষকে পরাজিত করার পর তাঁর সাম্প্রতিক একটি বয়ান ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। রীতেশ স্পষ্ট জানিয়েছেন, আগামী পাঁচ বছর তিনি মুসলিম সম্প্রদায়ের জন্য কোনো কাজ করবেন না।
ঠিক কী বলেছেন বিজেপি বিধায়ক? নিজের অবস্থান স্পষ্ট করে রীতেশ তিওয়ারি বলেন, “একজনও মুসলিম আমাকে ভোট দেননি। ফলে, যাঁরা আমাকে ভোট দিয়েছেন, তাঁদের প্রতিই আমার দায়বদ্ধতা রয়েছে। যাঁরা ভোট দেননি, তাঁদের কাছে গিয়ে আমি কখনও অধিকার চাইনি।” এখানেই থেমে থাকেননি তিনি। ধর্মীয় আবেগ উস্কে দিয়ে তাঁর সংযোজন, “আমি বাবা ভোলেনাথকে সাক্ষী রেখে বলছি, আগামী পাঁচ বছরে আমি মুসলিমদের জন্য কোনো কাজ করব না, তাঁদের জন্য কোনো সার্টিফিকেটও ইস্যু করব না। আমার জীবন অন্যদের দেওয়া শংসাপত্রের ওপর নির্ভর করে চলে না।”
পালটা তোপ মহুয়া মৈত্রের রীতেশ তিওয়ারির এই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কৃষ্ণনগরের তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। তিনি কটাক্ষ করে লিখেছেন, “বাংলা এই বিধায়ককেই নির্বাচিত করেছে। শুধু বাংলা নয়, খাস কলকাতার আসন। পরিবর্তন সত্যিই এসেছে!” মহুয়ার এই পোস্টের পর রাজনৈতিক মহলে বিতর্ক আরও দানা বেঁধেছে।
মোদীর স্লোগান ও নিজস্ব হিসেব: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘সবকা সাথ, সবকা বিকাশ’ নীতি নিয়ে প্রশ্ন করা হলে রীতেশ বলেন, “আমি এই স্লোগান বিশ্বাস করি কারণ এটি আমার নেতার বক্তব্য। তবে প্রধানমন্ত্রী এবার আরও একটি প্রশ্ন যোগ করেছেন—সবাইকে কি জবাবদিহির আওতায় আনা হবে, নাকি নয়? সেই অনুযায়ী আমি হিসাব রাখব।” তবে তিনি দাবি করেছেন, তৃণমূলের মতো প্রতিহিংসার রাজনীতি তিনি করবেন না এবং সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে কাজ করবেন।
He is Ritesh Tiwari, Newly elected BJP MLA from Kashipur-Belgachia Constituency.
He says he will not do a single work for Muslims nor even issue a certificate for Muslims.
And BJP asks why Muslims don’t vote for them. pic.twitter.com/R5JOEOWICd— Kamru Choudhury (@Kamru_Choudhury) May 12, 2026
ভোটের সমীকরণ: কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে এবার জয়ের ব্যবধান ছিল অত্যন্ত সামান্য।
রীতেশ তিওয়ারি (বিজেপি): ৬৮,৩৬৮ ভোট (জয়ী)
অতীন ঘোষ (তৃণমূল): ৬৬,৭১৭ ভোট
রাজেন্দ্র গুপ্ত (সিপিআইএম): ১১,১৫১ ভোট
জয়ের ব্যবধান: মাত্র ১,৬৫১ ভোট।
কলকাতা পুরসভার ১ থেকে ৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই শহুরে আসনে তৃণমূলের দীর্ঘদিনের আধিপত্য চুরমার করে গেরুয়া পতাকা উড়িয়েছেন রীতেশ। কিন্তু জয়ের পরই তাঁর এই ‘বিভেদমূলক’ মন্তব্য প্রশাসনিক স্তরে এবং জনমানসে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।





