একা পেয়ে বাঁশ দিয়ে বেধড়ক মার! রক্তাক্ত বিজেপি নেতা, রাতেই গ্রেফতার হেভিওয়েট তৃণমূল-পুত্র

লোকসভা নির্বাচনের আবহে রাজনৈতিক হিংসায় ফের উত্তপ্ত হয়ে উঠল হুগলির তারকেশ্বর। বিজেপির এক মণ্ডল সভাপতিকে লোহার রড ও বাঁশ দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের তালপুর এলাকায়। গুরুতর আহত বিজেপি নেতা সাহেব মাঝি বর্তমানে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় মূল অভিযুক্ত শেখ আজাহারকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবক তালপুর পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন উপপ্রধান শেখ সাহা আলমের ছেলে।

আহত বিজেপি নেতা সাহেব মাঝির দাবি, বুধবার সন্ধ্যায় তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় পাড়ার মোড়ে তাঁর পথ আটকায় শেখ আজাহার। কিছু বুঝে ওঠার আগেই আজাহার তার দলবল নিয়ে সাহেব মাঝির ওপর চড়াও হয় এবং বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। সাহেব মাঝির আরও অভিযোগ, এই হামলার নেপথ্যে বিজেপিরই একাংশ কর্মীর মদত রয়েছে। ঘটনার পর আহত নেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ভিড় জমান কাতারে কাতারে বিজেপি কর্মী-সমর্থক।

বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সহ-সভাপতি গণেশ চক্রবর্তী বলেন, “তৃণমূল নেতার ছেলে পরিকল্পিতভাবে দলবল নিয়ে আমাদের নেতার মাথায় বাঁশ দিয়ে মেরেছে। আমরা এর শেষ দেখে ছাড়ব।” অন্যদিকে, মারধরের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্তের বাবা তথা তৃণমূল নেতা শেখ শাহা আলম। তাঁর পাল্টা দাবি, “আজাহারকে একা পেয়ে বিজেপির ছেলেরাই আগে মারধর করেছে। এখন নিজেদের বাঁচাতে উল্টে হাসপাতালে ভর্তি হয়ে মিথ্যা নাটক করছে।” পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy