ইন্দিরা গান্ধীকে ছাড়িয়ে টানা দ্বিতীয় দীর্ঘতম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সামনে শুধু নেহরু

দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার (২৫ জুলাই) তিনি প্রধানমন্ত্রী পদে টানা ৪ হাজার ৭৮ দিন পূর্ণ করে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে পিছনে ফেলে দিয়েছেন। এর ফলে একটানা বেশিদিন প্রধানমন্ত্রী পদে থাকার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন মোদী। তাঁর সামনে এখন শুধু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু।
১৯৬৬ সালের ২৪শে জানুয়ারি থেকে ১৯৭৭ সালের ২৪শে মার্চ পর্যন্ত একটানা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, যা ছিল টানা ৪ হাজার ৭৭ দিনের মেয়াদ। দেশে জরুরি অবস্থা প্রত্যাহারের পর নির্বাচনে হেরে গিয়েছিলেন ইন্দিরা। সেখানে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নরেন্দ্র মোদী এবার একটানা প্রধানমন্ত্রীত্বের রেকর্ডে ইন্দিরাকে পেছনে ফেললেন।
প্রধানমন্ত্রী হিসেবে এই যাত্রাপথে নরেন্দ্র মোদী একাধিক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছেন। ১৯৫০ সালের ১৭ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করা নরেন্দ্র মোদী দেশের প্রথম প্রধানমন্ত্রী, যাঁর জন্ম স্বাধীন ভারতে হয়েছে। এছাড়াও, অকংগ্রেসি প্রধানমন্ত্রী হিসেবে বেশিদিন ওই পদে থাকার রেকর্ড ইতিমধ্যেই তাঁর দখলে। তিনিই প্রথম এবং একমাত্র অকংগ্রেসি নেতা, যিনি পরপর দু’বার প্রধানমন্ত্রী পদে মেয়াদ পূর্ণ করেছেন। আরও উল্লেখযোগ্য বিষয় হলো, তিনিই একমাত্র অকংগ্রেসি নেতা, যাঁর দল লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের নজির গড়েছে। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর দলের নেতা হিসেবে তিনি পরপর তিনবার নির্বাচনে জয়লাভ করেছেন। পাশাপাশি, মোদী দেশের একমাত্র ব্যক্তি, যিনি দলের পরিষদীয় নেতা হিসেবে পরপর ৬টি নির্বাচনে জিতেছেন। এর মধ্যে তিনি ২০০২ সাল থেকে তিনবার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
একটানা প্রধানমন্ত্রী থাকার তালিকায় সবার আগে রয়েছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। তিনি ১৯৪৭ সালের ১৫ই আগস্ট থেকে ১৯৬৪ সালের ২৭শে মে পর্যন্ত টানা ১৬ বছর ২৮৬ দিন প্রধানমন্ত্রী ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ২০২৯ সালের নির্বাচনে বিজেপি আবারও জয়ী হলে নরেন্দ্র মোদীর সামনে নেহরুর সেই দীর্ঘ রেকর্ডও ভেঙে দেওয়ার সুযোগ থাকবে।
তবে, বেশিদিন প্রধানমন্ত্রী থাকার সামগ্রিক তালিকায় এখনও নেহরুর পাশাপাশি ইন্দিরা গান্ধীর পিছনেই রয়েছেন ৭৪ বছর বয়সী মোদী। কারণ, ১৯৭৭ সালে নির্বাচনে পরাজয়ের পর ১৯৮০ সালের ১৪ই জানুয়ারি ইন্দিরা গান্ধী আবার প্রধানমন্ত্রী পদে শপথ নেন এবং ১৯৮৪ সালের ৩১শে অক্টোবর প্রধানমন্ত্রী থাকাকালীন দেহরক্ষীদের গুলিতে তাঁর মৃত্যু হয়। ফলে একটানা ৪ হাজার ৭৭ দিনের পর ইন্দিরা গান্ধী আরও সাড়ে চার বছরের বেশি সময় প্রধানমন্ত্রী ছিলেন। সেই দিক থেকে দেখলে, বেশিদিন প্রধানমন্ত্রী থাকার তালিকায় সামগ্রিকভাবে এখনও ইন্দিরা গান্ধীর পরেই অবস্থান করছেন নরেন্দ্র মোদী।