দীর্ঘদিন ধরে চলা দাবদাহে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। তাপমাত্রা ক্রমাগত বাড়ছিল, যার রিয়েল ফিল বা অনুভূত তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রির কাছাকাছি পৌঁছাতে শুরু করেছিল। তবে অবশেষে কিছুটা স্বস্তির বার্তা নিয়ে হাজির হয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া।
সকাল থেকেই কলকাতায় জারি হয়েছে কমলা সতর্কতা। হাওয়া অফিসের তথ্যমতে, শুক্রবার কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলায় কমলা সতর্কতা বহাল রয়েছে। এছাড়াও পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের মতে, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও বৃষ্টির জেরে সামগ্রিক তাপমাত্রার খুব একটা বড় পরিবর্তন না হলেও, দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
শহরের তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে এই বৃষ্টির ধারা বজায় থাকবে এবং মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে, তবে দুঃখজনকভাবে বজ্রপাতে বেশ কিছু মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। ইতিমধ্যে শহরের একাধিক রাস্তায় জল জমে জনজীবন কিছুটা বিপর্যস্ত হয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের চিত্রটাও প্রায় একই রকম। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
গরমের তীব্রতা থেকে সাময়িক রেহাই মিললেও আবহাওয়া দপ্তর সাধারণ মানুষকে বজ্রপাতের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বৃষ্টি চলাকালীন নিরাপদ আশ্রয়ে থাকা এবং খোলা জায়গায় না বেরোনোর নির্দেশ দিয়েছে প্রশাসন। আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকবে কি না, তা জানতে নজর রাখা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের নিয়মিত আপডেটে। আপাতত ঝোড়ো হাওয়া আর বৃষ্টির হাত ধরেই তপ্ত দক্ষিণবঙ্গ চাইছে এক চিলতে স্বস্তি।





