শিশুদের সার্বিক বিকাশে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ‘স্বাধীন খেলাধুলা’ (Free Play) শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য ভূমিকা রাখে। ছবি আঁকা, রং করা, পেইন্টিং, কাটিং, ড্রেসআপ খেলা, অথবা খেলার মাঠের সরঞ্জাম ব্যবহার করে দৌড়ানো, আরোহণ করা – এই সবকিছুই স্বাধীন খেলার অন্তর্ভুক্ত। এই ধরনের খেলা শিশুদের স্বাধীনভাবে চিন্তা করতে এবং সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বিকাশে সাহায্য করে, পাশাপাশি তাদের আগ্রহের ক্ষেত্র আবিষ্কারের সুযোগ করে দেয়।
ভাষার বিকাশ ও সামাজিক দক্ষতা
ফ্রি প্লে শিশুদের ভাষার বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যখন শিশুরা একসঙ্গে খেলে, তখন তারা নিজেদের মধ্যে যোগাযোগের পরিধি বাড়ায়। এ ক্ষেত্রে তারা একে অপরকে এমন সব শব্দ ও বাক্যাংশ শেখায় যা হয়তো তাদের অভিভাবকেরাও শেখাতে পারেন না।
খেলাভিত্তিক শিক্ষা একটি শিশুর সামাজিক ও মানসিক দক্ষতার বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। প্রাপ্তবয়স্ক-নির্দেশিত খেলা (যেমন স্পঞ্জ পেইন্টিং, বাগানে খেলা, বোর্ড গেমস) এবং শিশু-নির্দেশিত খেলা – উভয়ই শিশুর বিকাশের জন্য সমান গুরুত্বপূর্ণ।
স্বাধীনভাবে খেলা চলাকালীন, শিশুরা অনেক সামাজিক দক্ষতা শেখে যেমন:
অন্যদের সহযোগিতা করা ও বন্ধুদের সঙ্গে খেলা।
ভাবের আদান-প্রদান ও বন্ধুদের নিয়ে আলোচনা করা।
নিয়ম মেনে চলতে শেখা।
অন্যদের নিয়ে চিন্তা করা এবং তাদের দৃষ্টিভঙ্গি বোঝা।
ন্যায্য ও স্বাধীনভাবে মনমালিন্য সমাধান করা।
নিজেদের বন্ধুদের মাঝে প্রতিষ্ঠিত করা এবং অন্যদের নেতৃত্ব অনুসরণ করা।
সহানুভূতিশীল আচরণ এবং সবার সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ রক্ষা করা।
সৃজনশীলতা ও পরিকল্পনা দক্ষতা
খেলা একটি সৃজনশীল কার্যকলাপ। শিশুরা প্রতিনিয়ত নিজেদের বিনোদনের জন্য নতুন নতুন গেম ও ক্রিয়াকলাপ নিয়ে চিন্তা করে। উদাহরণস্বরূপ, শিশুরা গল্প ও ঘটনা তৈরি করে এবং সেগুলো এমনভাবে কাজ করে যেন বাস্তবে তা ঘটছে। নির্মাণের খেলনা দিয়ে খেলার সময় একটি বিল্ডিং এর নকশা তৈরি সৃজনশীলতা নিয়ে আসে। সব ধরনের খেলাই সৃজনশীল অভিব্যক্তির বিকাশ ঘটায়।
জীবনের শুরুতে পরিকল্পনা দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীন খেলাধুলা একটি শিশুকে যৌক্তিকভাবে এবং একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে একটি কাজ শুরু করার জন্য কীভাবে পরিকল্পনা করতে হয় তা জানতে সাহায্য করে। খেলার সময় শিশু একটি বাড়ি তৈরির আগে পরিকল্পনা করে বা একটি পৃষ্ঠায় একটি ছবি কোথায় আটকানো হবে তা বোঝার চেষ্টা করে। এসবই শিশুর পরিকল্পনা করার ক্ষমতা বিকাশ করে।
মোটর দক্ষতার বিকাশ ও স্বাধীনতা বোধ
শিশুদের গ্রস মোটর (Gross Motor) ও সূক্ষ্ম মোটর (Fine Motor) দক্ষতাগুলো মূলত স্বাধীন খেলার মাধ্যমেই বিকশিত হয়। পড়তে ও লিখতে উন্নত মোটর দক্ষতার প্রয়োজন। শরীরের বড় পেশীগুলো খেলার মাধ্যমে বিকশিত হয় যেমন: হাঁটা ও দৌড়ানো, আরোহণ (climbing), ঝোলা, লাফানো, হামাগুড়ি দেওয়া, ঠেলাঠেলি, টানাটানি, ধরাধরি, বল বা অন্য কিছু নিক্ষেপ করা। আবার শরীরের ছোট পেশীগুলোও খেলার মাধ্যমে বিকশিত হয় যেমন: ব্লক বা নির্মাণ খেলার খেলনা দিয়ে বিল্ডিং তৈরি, ছবি আঁকা ও সেগুলো কাটা, থ্রেডিং ও লেসিং।
সাম্প্রতিক সময়ে স্ক্রিন টাইম বেড়ে যাওয়ায় শিশুর খেলার সময় কমে গেছে। তবে সব শিশুকেই স্বাধীনভাবে খেলার সুযোগ করে দিতে হবে। স্বাধীন খেলাধুলা বা ফ্রি-প্লে খেলার সময় প্রতিটি শিশু একাধিক সমস্যার সম্মুখীন হয়। তবে খেলার সময় সে কোন সমস্যার কী সমাধান করবে তা সে নিজেই বেছে নেয়, ফলে তার বিকাশ ঘটে ভালোভাবে। যখন শিশুরা প্রতিদিন খেলার জন্য অবসর সময় কাটাতে অভ্যস্ত হয়, তখন তাদের মধ্যে স্বাধীনতা বোধ তৈরি হয়।
অভিভাবক হিসাবে আমাদের কর্তব্য শিশুদের প্রতিটি খেলায় উপস্থিত না থাকা। তাহলে শিশু আপনার উপর নির্ভরশীল হয়ে পড়বে না। শিশুকে খেলার দিক থেকে সম্পূর্ণ স্বাধীনতা দিন। টানেলের মধ্যে দিয়ে আরোহণ করে, চারপাশে দৌড়ে, মুভমেন্ট গেম খেলে, মধ্যরেখা অতিক্রম করার মতো স্বাধীন খেলার মাধ্যমে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ঘটতে পারে।
অন্যদিকে, মানসিকভাবে দুর্বল শিশুরা প্রায়শই কোনো খেলার সময় অন্য শিশুদের সঙ্গে ধাক্কা খায়। যদি শিশুদের স্পাসিয়াল সেন্স (spatial sense) ঠিকমতো বিকাশ না ঘটে, তবে পরবর্তী সময়ে শব্দ ও অক্ষর লিখতে সমস্যা হয়। একটি অক্ষর খাতার পেইজের মার্জিনের ভেতরে না বাইরে থাকবে, সেটা সে বুঝতে পারে না।
এজন্য শিশুর বিকাশের মূলে রয়েছে ‘খেলাধুলা’। যদি স্বাধীন খেলাধুলা হয়, সেটা আরও ভালো। শিশুরা খেলার মাধ্যমে বিশ্ব সম্পর্কে অভিজ্ঞতা লাভ করে ও শেখে। খেলার মধ্য দিয়েই তারা চারপাশের পরিবেশের সন্ধান করে, তা থেকে শব্দভাণ্ডার তৈরি করে ও তাদের আবেগ প্রকাশ করে। আমাদের অবশ্যই ফ্রি প্লে বা স্বাধীন খেলাধুলার প্রতি উৎসাহ দিতে হবে।





