হিলের মোহ ত্যাগ করুন, শরীরের যত্ন নিন

এ কথা অনস্বীকার্য যে হিল জুতো পরলে দেখতে বেশ আকর্ষণীয় লাগে। শাড়ি থেকে শুরু করে শর্ট স্কার্ট, হিল সব ধরনের পোশাকের সঙ্গেই মানিয়ে যায়। শুধু তাই নয়, হিল পরলে উচ্চতাও কিছুটা বাড়ে, তাই শারীরিক অসুবিধা জেনেও আমরা অনেকেই হিলের আকর্ষণ এড়াতে পারি না। তবে একথাও সত্যি যে দীর্ঘক্ষণ হিল পরে থাকার কারণে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। পায়ে ফোস্কা পড়া, কড়া হওয়া, কোমরে ব্যথা এমনকি স্পাইনাল কর্ডে আঘাতও লাগতে পারে। ভাবুন তো, আপনি কি এমন কোনো গাড়িতে চড়তে চাইবেন যার টায়ার ভুল লাগানো এবং যেকোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে? ভুল হিল পরলে কিন্তু আপনার শরীরেও একই ধরনের সমস্যা হতে পারে!
নামিদামি তারকা বা মডেলরা ফ্যাশনের খাতিরে উঁচু হিল পরেন, তবে শুটিং শেষ হলেই তারা আরামদায়ক জুতোয় ফিরে যান। ভিক্টোরিয়া বেকহ্যাম তো প্রকাশ্যেই স্বীকার করেছেন যে তিনি আজকাল আর আগের মতো হিল পরেন না। এমনকি জুলিয়া রবার্টস কয়েক বছর আগে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে খালি পায়ে হেঁটে হইচই ফেলে দিয়েছিলেন! যাদের অফিসে হিল পরে যাওয়ার বাধ্যবাধকতা আছে, তারা অফিসে একজোড়া ফ্ল্যাট জুতো রাখতে পারেন। সাধারণ ফ্ল্যাট বা ট্রেনার পরে অফিসে যান এবং সেখানে পৌঁছে হিল পরে নিন। আবার ফেরার সময় আরামদায়ক জুতো পরে নিন। পেনসিল হিল পরে আমাদের দেশের শহরের রাস্তায় হাঁটাচলা করলে পা মচকে গোড়ালিতে আঘাত লাগতে পারে, এমনকি হাঁটুতে অস্টিওআর্থারাইটিসও হতে পারে। অফিসের ডেস্কে বসে থাকার সময় হিল খুলে পায়ের নিচে একটি গল্ফ বল রেখে সেটি সামনে-পেছনে ঘোরান। ঠান্ডা জলের বোতল দিয়েও এই ব্যায়াম করতে পারেন। এর পাশাপাশি পায়ের পাতার স্ট্রেচিংয়ের ব্যায়াম করাও জরুরি। প্রয়োজন মনে করলে ফুট রিফ্লেক্সোলজি ম্যাসাজ নিতে পারেন।
দীর্ঘ সময় হিল পরে থাকলে শরীরের স্বাভাবিক অঙ্গবিন্যাস নষ্ট হয়ে যায় এবং শরীরের ওজন মেরুদণ্ডের উপর সমানভাবে পড়ে না। এর ফলে কোমরে বা পিঠে ব্যথা অথবা দুটোই হতে পারে। তবে মনে রাখবেন, শুধু ফ্ল্যাট জুতো পরাও কিন্তু সব সমস্যার সমাধান নয়। ব্যালেরিনা ফ্ল্যাটে তেমন একটা আর্চ সাপোর্ট থাকে না, তাই এটি পরে হাঁটলে ভালো গ্রিপ পাওয়া যায় না। এর ফলে লোয়ার ব্যাক ও গোড়ালিতে ব্যথা হতে পারে। তাই সবচেয়ে ভালো হচ্ছে ২-৪ সেন্টিমিটার উচ্চতার হিল পরা। এটি গোড়ালির উপর অতিরিক্ত চাপ ফেলে না। তবে যাই পরুন না কেন, দেখে নিতে হবে জুতো যেন আপনার পায়ে ভালোভাবে ফিট করে এবং পায়ের ভেতর যেন বেশি নড়াচড়া না করে। যেদিন হিল পরবেন, সেদিন অবশ্যই বাড়ি ফিরে কিছুক্ষণ গরম নুন জলে পা ডুবিয়ে রাখুন, এতে আরাম পাবেন।
কিছু টিপস:
হিলের কুশন ক্ষয়ে গেলে সেই জুতো আর না পরাই ভালো। জুতো যতই পছন্দের হোক না কেন, শরীরের কথা ভেবে সেটিকে বিদায় জানাতে হবে।