স্বামীর খরচের হাত খুব মানে খুবই বেশি? কীভাবে আর একটু সঞ্চয়ী করে তুলবেন ওঁকে? জানুন

স্বামীকে পরিস্থিতি সম্পর্কে সচেতন করে তোলাটাই আপনার একমাত্র কাজ। কীভাবে সেটা সম্ভব? কিছু পরামর্শ রইল আমাদের পক্ষ থেকে।
স্বামীর সঙ্গে ভালোভাবে কথা বলুন
রাগারাগি বা দোষারোপ করে লাভ নেই, বরং ভালোবেসে বোঝান। কেন টাকা হাতে রাখা দরকার, কেন এই মুহূর্তে অপ্রয়োজনীয় খরচ কমানো দরকার, সে কথা বুঝিয়ে বলুন। দরকার হলে কৌশলে কিছু টাকা বিনিয়োগ করে রাখুন যে কোনও নিরাপদ স্কিমে। কোনও মতেই ঝগড়াঝাঁটির পথে হাঁটবেন না, তাতে উনি আপনাকে গোপন করে খরচ করতে শুরু করতে পারেন।
বাজেট তৈরি করুন
মাসের খরচপত্র বেঁধে দিন। স্বামীর সঙ্গে আলোচনা করেই সাংসারিক নানা খরচের লিস্ট করে প্রতিটির দাম লিখে মোট খরচের হিসেব করে নিন আর সেট মেনে চলুন। যদি স্বামীকে বোঝাতে পারেন অকারণ খরচের ফলে আপনাদের ধারবাকি বেড়ে যাচ্ছে, তা হলে আপনি সফল।
লক্ষ্য স্থির করুন বুঝেশুনে
অবাস্তব, অসম্ভব টার্গেট সেট করবেন না। রাতারাতি সমস্ত বাড়তি খরচ পুরোপুরি ছেঁটে ফেলা সম্ভব নয়। ছোট লক্ষ্য স্থির করুন, সেই ছোট লক্ষ্যে প্রথমে পৌঁছোতে চেষ্টা করুন। অনেকগুলো ছোট খরচ বাঁচাতে পারলেই বড়ো সেভিংস করে ফেলতে পারবেন।
নিয়মিত স্বামীর সঙ্গে আলোচনা করুন
টাকাপয়সা, খরচপত্র নিয়ে নিয়মিত স্বামীর সঙ্গে বসুন। কতটা খরচ বাঁচানো গেল, আরও কতটা বাঁচানো সম্ভব, কেন সে টাকাটা বাঁচানো দরকার, এ সব নিয়ে কথা বলুন ওঁর সঙ্গে। ওঁর বেশি খরচের অভ্যেস থাকলে তা থেকে সহজে উনি বেরোতে পারবেন না। কিন্তু একবার যদি সঞ্চয়ের মজাটা পেয়ে যান, তা হলেই কিন্তু খেলা ঘুরে যাবে। অতএব ধৈর্য হারাবেন না, বরং ওঁর মধ্যেও আপনার সঞ্চয়ের নেশা চারিয়ে দিন।