সাদা ঝকঝকে দাঁত চান? রইল কিছু সহজ ঘরোয়া উপায়!

কথায় আছে, “দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না মানুষ।” শুধু মর্মই নয়, দাঁতের সাদা রং থাকা সত্ত্বেও অনেকেই এর যত্ন নেন না। দাঁতের যত্নের কথা উঠলে বেশিরভাগ মানুষ কেবল দাঁত মাজা বা কুলকুচি করাকেই বোঝেন। কিন্তু দাঁতের প্রাকৃতিক উজ্জ্বলতা ধরে রাখতে এর বাইরেও কিছু অতিরিক্ত যত্নের প্রয়োজন। এর জন্য পকেটে বাড়তি চাপ পড়ারও দরকার নেই, কয়েকটি ঘরোয়া উপায় অবলম্বন করেই এই সমস্যার সমাধান করা সম্ভব। চলুন তবে জেনে নেওয়া যাক সেই উপায়গুলো কী কী:
১. নারকেল তেল
তেল শুধু চুলের জন্যই নয়, দাঁতের স্বাস্থ্যের জন্যও উপকারী। নারকেল তেল মুখে নিয়ে ভালো করে কুলকুচি করুন। প্রয়োজনে এর সঙ্গে অল্প জল মিশিয়ে নিতে পারেন। নারকেল তেলে থাকা ফ্যাটি অ্যাসিড মুখের লালার সংস্পর্শে এলে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া হয়। এই বিক্রিয়ায় অক্সিজেনের অণু তৈরি হয়, যা দাঁতের দাগছোপ তুলতে সাহায্য করে। নারকেল তেলের সঙ্গে সামান্য বেকিং সোডা মিশিয়ে তা দিয়ে ব্রাশ করলেও দাঁত সাদা হতে পারে।
২. পেয়ারা পাতা
গ্রামাঞ্চলে পেয়ারা পাতা চিবানোর একটি প্রচলন রয়েছে। ভালো করে ধুয়ে নেওয়া পেয়ারা পাতা বেটে তার সঙ্গে বেকিং সোডা মিশিয়ে দাঁতে লাগান। কয়েক মিনিট মাখিয়ে রাখার পর ভালো করে ধুয়ে নিন। নিয়মিত কয়েক সপ্তাহ এভাবে দাঁত পরিষ্কার করলে দাঁতের দাগ উঠতে পারে।
৩. বেকিং সোডা
রাতে খাওয়ার পর দাঁত না মাজলে মুখের ভেতর ব্যাকটেরিয়া জন্মানোর আশঙ্কা থাকে। বেকিং সোডা মুখের ভেতর জন্মানো ক্ষতিকর কিছু ব্যাকটেরিয়ার সঙ্গে লড়তে সক্ষম। রোজ রাতে এক চামচ জলে সামান্য বেকিং সোডা মিশিয়ে নিন, তারপর তা দিয়ে দাঁত মাজুন।
৪. ধূমপান বন্ধ করুন
তামাক শুধু ফুসফুসেরই নয়, দাঁতেরও ক্ষতি করে। নিয়মিত ধূমপান করলে প্রথমে দাঁত হলদেটে হয়, তারপর ধীরে ধীরে দাঁতের কোণগুলি কালচে হয়ে আসে। তাই দাঁতের কালচে ভাব কমাতে ধূমপান সম্পূর্ণভাবে বন্ধ করা জরুরি।
৫. দাঁত মাজার সঠিক সময়
অধিকাংশ মানুষই সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজেন, কিন্তু রাতে শুতে যাওয়ার আগে মাজেন না। এই অভ্যাস কিন্তু খুব একটা কার্যকর নয়। সকালের তুলনায় রাতে খাওয়ার পর দাঁত মাজা অনেক বেশি জরুরি। কারণ, রাতে খাওয়া-দাওয়ার পর দাঁত না মাজলে বেশ কয়েক ঘণ্টা ধরে দাঁতে জমে থাকা খাবারের কণায় জীবাণু জমতে থাকে। পরের দিন সকালে উঠে দাঁত মাজলেও এর বিশেষ লাভ হয় না।
এই সহজ ঘরোয়া উপায়গুলো মেনে চললে আপনিও পেতে পারেন সাদা ও ঝকঝকে দাঁত। আপনার দাঁতের যত্নে আপনি আর কোনো ঘরোয়া উপায় ব্যবহার করেন?