লোম তোলার ক্রিম কতটা ক্ষতিকর? জানা আছে কি?

শরীরের লোম অনেকের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে নারীরা হাত, পা ও মুখের লোম দূর করার জন্য উঠেপড়ে লাগেন। সেজন্য কেউ ওয়াক্সিং, কেউ শেভিং বেছে নেন। তবে এর পাশাপাশি সহজ উপায় হিসেবে অনেকে ক্রিম ব্যবহার করে লোম পরিষ্কার করাকে বেছে নেন। ঝামেলা কম হয় বলে অনেকে এর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে ভাবেন না। কিন্তু এই ক্রিম কি ত্বকের জন্য আদৌ নিরাপদ?

ত্বকের লোম তোলার জন্য ক্রিম ব্যবহার করলে মারাত্মক ধরনের ক্ষতি হয় কিনা, তার সুনির্দিষ্ট প্রমাণ এখনও মেলেনি। তবে এ ধরনের ক্রিম ব্যবহারের আগে অবশ্যই এর পার্শ্বপ্রতিক্রিয়া জেনে রাখা জরুরি। জেনে নিন লোম পরিষ্কারের জন্য ক্রিম ব্যবহার করলে কোন ক্ষতিগুলো হতে পারে:

১. ত্বক কালচে হয়ে যেতে পারে
ত্বক পরিষ্কার ও উজ্জ্বল দেখাবে ভেবে যে ক্রিম ব্যবহার করেন, সেই ক্রিম কিন্তু আপনার ত্বকের রং কালচে করে দিতে পারে। এ ধরনের ক্রিমে ক্যালসিয়াম হাইড্রক্সাইড (Calcium Hydroxide) এবং পটাসিয়াম হাইড্রক্সাইড (Potassium Hydroxide) নামের যৌগ থাকে। এই উপাদানগুলো লোমকে গলিয়ে দেয়। তবে এটি যদি অতিরিক্ত প্রয়োগ করা হয়, তবে সেই স্থানের ত্বক কালচে হয়ে যেতে পারে।

২. ত্বকে জ্বালাপোড়া হতে পারে
লোম পরিষ্কার করার ক্রিম ত্বকে জ্বালাপোড়ার কারণ হতে পারে। এ ধরনের ক্রিম ব্যবহারের কারণে অনেকের ত্বকে প্রদাহ দেখা দিতে পারে। এর কারণ হলো ক্রিমে থাকা ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং পটাসিয়াম হাইড্রক্সাইড। তাই ত্বকে জ্বালাপোড়া এড়াতে এ ধরনের ক্রিম ব্যবহার এড়িয়ে চলতে পারেন।

৩. ত্বকের পিএইচ মাত্রায় পরিবর্তন
আমাদের ত্বকে অম্লতার মাত্রা কিছুটা বেশি থাকে। আপনি যখন এ ধরনের ক্রিম ত্বকে প্রয়োগ করেন, তখন ত্বকে ক্ষারের মাত্রা বাড়তে থাকে। এর ফলে ত্বকের পিএইচ (pH) মাত্রায় পরিবর্তন দেখা দেয়। ত্বকে ফাটার সমস্যা দেখা দিতে পারে, সেইসঙ্গে সৃষ্টি হতে পারে প্রদাহ।

৪. অ্যালার্জির সমস্যা
অ্যালার্জির সমস্যা থাকলে লোম পরিষ্কার করার জন্য ক্রিম ব্যবহার বাদ দিতে হবে। কারণ এটি অ্যালার্জির সমস্যা অনেকটা বাড়িয়ে তোলে। আবার, আগে থেকে অ্যালার্জি না থাকলেও এ ধরনের ক্রিম ব্যবহারের কারণে অনেকের অ্যালার্জি দেখা দিতে পারে। তাই লোম পরিষ্কার করার ক্রিম পুরোপুরি ব্যবহারের আগে অল্প একটু ব্যবহার করে পরীক্ষা করে নিতে পারেন। যদি অ্যালার্জি দেখা না দেয়, তবেই ব্যবহার করুন।

৫. তীব্র গন্ধের কারণে সমস্যা
লোম পরিষ্কার করার ক্রিমে এক ধরনের তীব্র গন্ধ যোগ করা হয়। এই গন্ধ অনেকের কাছে অস্বস্তিকর হতে পারে। যাদের ঘ্রাণশক্তি বেশি, তারা এ জাতীয় ক্রিমের গন্ধ নিয়ে সমস্যায় পড়তে পারেন। যদি গন্ধের কারণে ভালো না লাগে, তাহলে লোম পরিষ্কারের জন্য ক্রিমের ব্যবহার এড়িয়ে চলতে পারেন।

আপনার ত্বকের ধরন অনুযায়ী এই ক্রিমগুলো ব্যবহার করা নিরাপদ কিনা, তা জানতে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।