রাসায়নিক নয়, ঘরোয়া উপাদানেই ঝকঝকে করুন আপনার টয়লেটের কমোড!

রাসায়নিক নয়, ঘরোয়া উপাদানেই ঝকঝকে করুন আপনার টয়লেটের কমোড!
কলকাতা, ২৫ এপ্রিল, ২০২৫: আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য কাজের মধ্যে অন্যতম হল ঘরবাড়ি পরিষ্কার রাখা। আর নিজেদের সুস্থ ও ভালো থাকার জন্য রান্নাঘর, বাথরুম এবং ডাইনিংয়ের মতো জায়গাগুলো নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বিশেষভাবে জরুরি। তবে এই সমস্ত স্থানগুলোর মধ্যে টয়লেট পরিষ্কার করাটাই অনেক বেশি ঝামেলার মনে হয়। আর তার উপর কমোড পরিষ্কার করা তো আরও বেশি ক্লান্তিকর, বিশেষ করে যদি আপনি সেটাকে ঝকঝকে করতে চান।
কমোড পরিষ্কার করার জন্য বাজারে বিভিন্ন রাসায়নিক সমৃদ্ধ পণ্য পাওয়া যায়। এগুলো হয়তো দ্রুত পরিষ্কার করে, কিন্তু অনেক সময় কমোডের ঔজ্জ্বল্য কমিয়ে দেয় এবং ফ্যাকাসে করে ফেলে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রাকৃতিক উপাদান ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। কমোড পরিষ্কার করার জন্য এমন কিছু প্রাকৃতিক উপাদান সম্পর্কে জেনে নিন:
ভিনেগার: প্রথমে টয়লেট ফ্ল্যাশ করে নিন। দশ মিনিট পর টয়লেট পরিষ্কার করার ব্রাশ দিয়ে কমোডটি ভালোভাবে ব্রাশ করুন। এরপর এক গ্লাস ভিনেগার কমোডে ঢেলে দিন এবং পনেরো মিনিট অপেক্ষা করুন। তারপর আবার খুব ভালোভাবে ব্রাশ করুন এবং ফ্ল্যাশ করে দিন।
বেকিং সোডা ও ভিনেগার: রাতে দুই টেবিল চামচ বেকিং সোডা কমোডের চারপাশে ছিটিয়ে রাখুন। সকালে তিনবার ফ্ল্যাশ করুন। এরপর আধা কাপ ভিনেগার কমোডে দিয়ে ভালো করে ব্রাশ করুন। এর ফলে কমোডের যেকোনো ধরনের কঠিন দাগ সহজেই দূর হবে।
লেবুর রস ও বোরাক্স: লেবু এমন একটি ফল যা দিয়ে আপনি ঘরের অনেক জিনিস পরিষ্কার করতে পারেন। টয়লেটের কমোড ঝকঝকে করার জন্য একটি পাত্রে এক কাপ বোরাক্সের সঙ্গে দুটি লেবুর রস যোগ করুন। উপাদান দুটি ভালোভাবে মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। কমোডে জল দিয়ে দিন বা ফ্ল্যাশ করে নিন, যাতে ভেতরের কিনারের অংশগুলোও ভিজে থাকে। একটি স্পঞ্জের সাহায্যে মিশ্রণটি কমোডের সব জায়গায় ভালো করে লাগান। দু’ঘণ্টা রাখার পর ব্রাশ দিয়ে মেঝেসহ পুরো কমোড ভালোভাবে ঘষে পরিষ্কার করুন। কমোডের ভেতরের রিং-এর কঠিন দাগ দূর করতে এটি চমৎকার কাজ করে।
বেকিং সোডা: তিন টেবিল চামচ বেকিং সোডা কমোডে ছিটিয়ে সারারাত রেখে দিন। সারারাত থাকার ফলে এটি কমোডের ভেতরের দাগ এবং ময়লা শোষণ করে নেবে। সকালে ফ্ল্যাশ করুন এবং ব্রাশ দিয়ে ভালোভাবে ঘষুন। তারপর আবারও ফ্ল্যাশ করুন। আপনার কমোডটি আগের চেয়ে অনেক উজ্জ্বল ও পরিষ্কার হবে।
ভিনেগার ও বোরাক্স: প্রথমে কমোডে ফ্ল্যাশ করে নিন। এরপর এর মধ্যে কিছুটা বরিক পাউডার ছিটিয়ে দিন। তার উপর ভিনেগার স্প্রে করুন। এভাবে ত্রিশ মিনিট বা তার বেশি সময় রেখে দিন। তারপর ব্রাশ করে ভালোভাবে ধুয়ে ফেলুন।
ক্যাস্টাইল সোপ ও বেকিং সোডা: ক্যাস্টাইল সোপ অলিভ অয়েল ও সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে তৈরি হয়। একটি বড় পাত্রে এক চতুর্থাংশ কাপ তরল ক্যাস্টাইল সোপের সঙ্গে তিন চতুর্থাংশ কাপ জল নিন। এর সঙ্গে দুই টেবিল চামচ বেকিং সোডা এবং আট থেকে দশ ফোঁটা এসেনশিয়াল অয়েল বা লেবুর রস যোগ করুন। সমস্ত উপাদান ভালোভাবে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন। বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে কমোডের ভেতরের দিকে স্প্রে করুন এবং ব্রাশ দিয়ে মেজে নিন। সবশেষে ফ্ল্যাশ করে দিন।
এই প্রাকৃতিক উপাদানগুলো ব্যবহার করে আপনি আপনার টয়লেটের কমোডকে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার ছাড়াই পরিষ্কার ও ঝকঝকে রাখতে পারেন। এটি আপনার কমোডের ঔজ্জ্বল্য বজায় রাখার পাশাপাশি পরিবেশের জন্যও ভালো।