রান্নাঘরের তেল চিটচিটে ভাব দূর করার সহজ ঘরোয়া কৌশল

রান্নাঘরের তুলনায় আমাদের বেশি সময় ব্যয় হয় রান্নাঘর পরিষ্কার করতেই। কারণ নিয়মিত পরিষ্কার না করার ফলে ধোঁয়া, তরকারির ঝোল, মশলা, তেল ছড়িয়ে পড়ে রান্নাঘরের টাইলস, সিঙ্ক ও চুলার আশেপাশে। এর ফলে রান্নাঘরে দাগ ও তেল চিটচিটে ভাব দেখা দেয়। যা পরিষ্কার করা খুবই কষ্টকর হয়ে পড়ে। গৃহিণীদের কাছে এটি একটি বড় সমস্যা।

তবে এই সমস্যা থেকে খুব সহজেই আপনি মুক্তি পেতে পারেন। এর জন্য আপনার জানা থাকা জরুরি কিছু সহজ ও ঘরোয়া উপায়। চলুন তবে জেনে নেয়া যাক তেল চিটচিটে রান্নাঘর পরিষ্কার করার কিছু সহজ কৌশল-

লিকুইড সোপ: রান্নাঘরের তেলতেলে জায়গা পরিষ্কার করার জন্য সামান্য লিকুইড সোপের সঙ্গে গরম জল মিশিয়ে নিন। এরপর একটি স্পঞ্জ ব্যবহার করে সেই মিশ্রণ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করুন। গরম জল তেলের চটচটে ভাব দূর করতে সাহায্য করবে।

ব্লিচ: রান্নাঘরের টাইলসের জেদি দাগ তুলতে ব্লিচ একটি কার্যকরী উপাদান। ব্লিচের সঙ্গে জল মিশিয়ে তা দিয়ে টাইলস ঘষুন। ব্লিচ ব্যবহার করার সময় অবশ্যই হাতে গ্লাভস পরবেন। পরিষ্কার করার পর শুকনো কাপড় দিয়ে টাইলস ভালোভাবে মুছে নিন।

বরফ: রান্নাঘরের সিঙ্ক বা অন্য কোনো অংশে যদি মাছ বা মাংসের আঁশটে গন্ধ বেরোয়, তাহলে সেই জায়গায় লেবুর রস আর বরফ দিয়ে ঘষে নিন। বরফ এবং লেবুর অ্যাসিডিক উপাদান গন্ধ দূর করতে সহায়ক। এছাড়াও ভিনেগার জমিয়ে বরফ তৈরি করেও একই কাজে ব্যবহার করতে পারেন।

ভিনেগার: ভিনেগার একটি প্রাকৃতিক পরিষ্কারক হিসেবে পরিচিত। দুই কাপ ভিনেগার এবং দুই কাপ জল ভালো করে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন। এবার এটি রান্নাঘরের টাইলসে ছিটিয়ে দিন এবং কিছুক্ষণ পর নরম কাপড়ের সাহায্যে ঘর পরিষ্কার করে ফেলুন। ভিনেগারের অ্যাসিডিক বৈশিষ্ট্য তেলের দাগ এবং চিটচিটে ভাব কমাতে সাহায্য করে।

বেকিং সোডা: বেকিং সোডা বহুবিধ পরিষ্কারকের মধ্যে অন্যতম। বেকিং সোডার সঙ্গে সামান্য জল মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করে নিন। এই পেস্ট দাগযুক্ত জায়গায় লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিন। এরপর একটি ভেজা কাপড় দিয়ে জায়গাটি মুছে নিন। কঠিন দাগের ক্ষেত্রে টুথ ব্রাশ ব্যবহার করে ঘষে পরিষ্কার করতে পারেন।

এই সহজ ঘরোয়া উপায়গুলো অবলম্বন করে আপনি আপনার রান্নাঘরকে তেল চিটচিটে ভাব থেকে মুক্তি দিতে পারেন এবং এটিকে রাখতে পারেন ঝকঝকে ও জীবাণুমুক্ত। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে রান্নাঘরের স্বাস্থ্যবিধি বজায় রাখাও সম্ভব।