ফল খাচ্ছেন? বিষও খাচ্ছেন না তো? রাসায়নিকমুক্ত ফল চেনার ও খাওয়ার সঠিক নিয়ম জানুন!

আজকাল বাজারে প্রায় সকল ফলই রাসায়নিক উপাদানে ভরপুর। ফলকে সতেজ রাখা, দীর্ঘদিন সংরক্ষণ করা এবং পচন প্রক্রিয়া ধীর করার জন্য ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের প্রিজার্ভেটিভ। শুধু তাই নয়, ফলকে আকর্ষণীয় দেখাতেও মেশানো হয় নানান ক্ষতিকর রাসায়নিক দ্রব্য। যা আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।

আমরা ফল খাই সুস্থ থাকার জন্য। কিন্তু সেই ফল যদি অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়, তবে তা সত্যিই উদ্বেগের বিষয়। তবে রাসায়নিকের ভয়ে ফল খাওয়া নিশ্চয়ই বন্ধ করে দেওয়া যায় না। দরকার শুধু ফল খাওয়ার আগে সেগুলোকে ক্ষতিকর উপাদানমুক্ত করার সঠিক পদ্ধতি জানা।

অনেকেই মনে করেন, ঠান্ডা জলে ফল দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখলেই বুঝি রাসায়নিক দূর হয়ে যায়। কিন্তু বাস্তবে এতে ফলের গায়ে লেগে থাকা রাসায়নিকের খুব সামান্য অংশই অপসারিত হয়, বেশিরভাগটাই রয়ে যায়। সঠিক নিয়মে ফল থেকে ক্ষতিকর উপাদান দূর করতে একটি সহজ নিয়ম মেনে চলতে হবে। যা আপনার ফলকে খাওয়ার জন্য উপযুক্ত করে তুলবে।

এর জন্য আপনার প্রয়োজন হবে জল ও সাদা ভিনেগার। চার ভাগ জলের সাথে এক ভাগ সাদা ভিনেগার মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার ফলগুলো এই মিশ্রণে আধা ঘণ্টার জন্য ভিজিয়ে রাখুন। আধা ঘণ্টা পর মিশ্রণ থেকে ফলগুলো তুলে কলের পরিষ্কার জলে ধুয়ে নিন।

যদি ফল আপেল, কমলালেবু বা আমের মতো মোটা খোসাযুক্ত হয়, তবে একটি নরম ব্রাশের সাহায্যে হালকাভাবে ফলের উপরিভাগ ঘষে পরিষ্কার করে নিন। আঙ্গুর বা স্ট্রবেরির মতো পাতলা খোসাযুক্ত ফলের ক্ষেত্রে হাতের আঙুলের সাহায্যে আলতো করে পরিষ্কার করে নিতে হবে।

সাদা ভিনেগার খুব সহজেই ফলে থাকা ক্ষতিকর রাসায়নিক উপাদান, প্রিজার্ভেটিভ ও কীটনাশক দূর করতে সাহায্য করে। এছাড়াও, ফলের খোসায় লেগে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতেও সাদা ভিনেগার অত্যন্ত কার্যকর।

অনেকের কাছে সাদা ভিনেগারের গন্ধ অপ্রীতিকর লাগতে পারে। সেক্ষেত্রে সাদা ভিনেগারের পরিবর্তে লেবুর রস ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে ফলগুলোকে জলের সাথে লেবুর রসের মিশ্রণে আধা ঘণ্টার পরিবর্তে এক ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে।

শুধু ফল নয়, একই নিয়মে আপনি আপনার প্রতিদিনের খাওয়া সবজি থেকেও ক্ষতিকর রাসায়নিক উপাদান দূর করতে পারবেন। তাই সুস্থ থাকতে ফল ও সবজি খাওয়ার আগে এই সহজ নিয়মটি মেনে চলুন।