প্লাস্টিকের বোতলেই ফলান স্বাস্থ্যকর পুঁই শাক, কিন্তু কি করবেন না করবেন? জেনে নিন সহজ পদ্ধতি

শাক-সবজি খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী, একথা আমরা সকলেই জানি। তবে সেই শাক যদি হয় নিজের হাতে লাগানো, তাহলে বাজারের রাসায়নিক মেশানো সবজির তুলনায় তা নিঃসন্দেহে অনেক বেশি স্বাস্থ্যকর। কিন্তু শহরের স্বল্প পরিসরে এই সুযোগ প্রায় নেই বললেই চলে।

তবে চাইলে আপনার বারান্দায় বা ছাদে সামান্য জায়গাতেই পুরনো প্লাস্টিকের বোতল ব্যবহার করে লাগিয়ে ফেলতে পারেন পুষ্টিকর পুঁই শাক। একটুখানি যত্ন নিলেই লতানো এই গাছটি তরতর করে বাড়বে। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে বারান্দায় কিংবা ছাদে প্লাস্টিকের বোতলে পুঁই শাক চাষ করবেন:

প্লাস্টিকের বোতলে পুঁই শাক চাষের পদ্ধতি:

১. প্রথমে একটি পাঁচ লিটারের প্লাস্টিকের বোতল নিন এবং আপনার প্রয়োজন অনুযায়ী কেটে নিন।
২. বোতলটির নিচের দিকে কয়েকটি ছোট ছিদ্র করে নিন, যাতে অতিরিক্ত জল সহজে বেরিয়ে যেতে পারে।
৩. ছিদ্রগুলোর উপর একটি মাটির চারা বা ছোট পাথরের টুকরা রেখে দিন, যা মাটি ধুয়ে যাওয়া রোধ করবে।
৪. পুঁই শাক চাষের জন্য বেলে দোআঁশ মাটি সবচেয়ে ভালো। মাটি প্রস্তুত করার জন্য দোআঁশ মাটির সঙ্গে সামান্য টিএসপি সার ও গোবর সার ভালোভাবে মিশিয়ে নিন।
৫. পুঁই শাকের বীজ বপন করার আগে, বীজগুলোকে অ্যাসপিরিন মেশানো জলে ২৪ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এটি বীজের অঙ্কুরোদগম ক্ষমতা বাড়াতে সাহায্য করবে।
৬. বীজ বোতলের মাটিতে লাইন করে অথবা ছিটিয়ে লাগাতে পারেন। তবে লাইন করে লাগালে পরিচর্যা করা সহজ হয়।
৭. বীজ বপন করা হয়ে গেলে, বীজগুলোর উপরে হালকা করে মাটি দিয়ে ঢেকে দিন।
৮. এবার বোতলটি তার নির্দিষ্ট স্থানে রাখুন এবং পরের দিন বিকেলে হালকা করে জল স্প্রে করে দিন।
৯. বীজ বপনের ১৫ থেকে ২০ দিনের মধ্যেই চারাগাছ দেখতে পাবেন।

পুঁই শাকের যত্নে যা করণীয়:

চারা গজানোর কয়েক দিন পর যদি অতিরিক্ত চারা ওঠে, তবে সেগুলোকে সাবধানে তুলে অন্য পাত্রে সরিয়ে ফেলুন। এতে প্রতিটি চারা সঠিক পরিমাণে পুষ্টি পাবে এবং তাদের বৃদ্ধি দ্রুত হবে।
চারাগাছে নিয়মিত হালকা করে জল স্প্রে করুন, যাতে চারাগুলো নেতিয়ে না পড়ে।
মাঝে মাঝে গাছের গোড়ায় সামান্য ছাই ছিটিয়ে দিলে পোকামাকড় বা অন্য কোনো ক্ষতির ভয় থাকে না।
নিয়মিত নিড়ানি বা ছোট কোদালের সাহায্যে মাটি আলগা করে দিন এবং আগাছা পরিষ্কার করুন।
মাটি শুকিয়ে গেলে পরিমিত পরিমাণে জল দিন। অতিরিক্ত জল দেওয়া থেকে বিরত থাকুন।
ভালো ফলন পেতে হলে চারাগাছ কিছুটা বড় হলে বাউনি (ঠেস দেওয়ার জন্য কাঠামো) তৈরি করে দিন। চারাগাছ যখন প্রায় এক ফুট উঁচু হবে, তখন তার ডগা কেটে দিন। এতে গাছ আরও ঝোপালো হবে এবং বেশি পাতা দেবে।
এই সহজ পদ্ধতি অনুসরণ করে আপনি আপনার বারান্দা বা ছাদের সামান্য জায়গাতেই স্বাস্থ্যকর পুঁই শাক ফলাতে পারেন এবং বাজারের রাসায়নিকযুক্ত সবজির হাত থেকে মুক্তি পেতে পারেন।