প্রেমে পড়লে কি সত্যিই বুদ্ধি কমে যায়? গবেষণা বলছে…

প্রেম এক আনন্দময় অনুভূতি। কিন্তু প্রেমে পড়লে নাকি মানুষের বুদ্ধি কমে যায়, এমন একটি প্রচলিত ধারণাকে বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করেছেন নেদারল্যান্ডসের লেইডেন ইউনিভার্সিটির গবেষকরা। তাদের গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য, যা এই ধারণাকে অনেকটাই সমর্থন করে।
গবেষকদের মতে, সম্পর্কের প্রথম পর্যায়কে ‘আবেগপূর্ণ প্রেম’ বলা হয়। এই সময়ে মানুষের মন তীব্র আনন্দ ও উচ্ছ্বাসে ভরে ওঠে, যা তাকে অনেক বেশি সুখী করে তোলে। এই সময়টি দুজনের মধ্যে আকর্ষণের জন্য দায়ী। তবে বিজ্ঞানীরা বলছেন, এই সুখ অনুভূতির একটি পার্শ্বপ্রতিক্রিয়া আছে, আর তা হলো মানসিক ক্ষমতার ওপর এর তীব্র প্রভাব।
এই বিষয়ে নিশ্চিত হতে গবেষকরা ৪৩ জন তরুণ-তরুণীকে নিয়ে একটি পরীক্ষা চালান, যারা এক থেকে ছয় মাস ধরে প্রেমের সম্পর্কে ছিলেন। অংশগ্রহণকারীদের বেশ কয়েকটি ধাপে পরীক্ষা দেওয়া হয়। প্রতিবার পরীক্ষার আগে তাদের রোমান্টিক গান শুনিয়ে প্রিয়জনের কথা ভাবতে বলা হয়, যাতে তারা একটি প্রেমময় মেজাজে থাকেন। এরপর তাদের মানসিক সক্ষমতা যাচাইয়ের জন্য বিভিন্ন পরীক্ষা নেওয়া হয়।
পরীক্ষার ফলাফল দেখে গবেষকরা অবাক হয়ে যান। দেখা যায়, রোমান্টিক মেজাজে থাকার সময় অংশগ্রহণকারীরা পরীক্ষায় তুলনামূলকভাবে খারাপ ফল করেছেন। মজার বিষয় হলো, এই প্রভাব শুধু পুরুষদের মধ্যেই নয়, নারীদের মধ্যেও দেখা গেছে।
গবেষকরা এর কারণ হিসেবে ব্যাখ্যা করেছেন যে, প্রেমে পড়লে আমরা আমাদের প্রিয়জনের প্রতি এতটাই আবেশীভাবে মনোযোগী হয়ে উঠি যে, অন্যান্য দৈনন্দিন কাজ, পড়াশোনা বা পেশাগত কাজে আমাদের মনোযোগ কমে যায়। এই কারণেই বলা যায়, প্রেমে পড়লে মানুষ সুখ অনুভব করলেও বুদ্ধিবৃত্তিক কাজ করার ক্ষমতা এবং আগ্রহ কমে যায়। এই গবেষণাটি প্রমাণ করে যে, প্রেম প্রত্যেককেই প্রভাবিত করে এবং আমাদের মানসিক সক্ষমতাকে বিভিন্ন উপায়ে কমিয়ে দেয়।