পায়েস বা সেমাইয়ে কিশমিশ ভালোবাসেন? উপকারিতার পাশাপাশি জানুন অতিরিক্ত খাওয়ার ক্ষতিকর দিকও

পায়েস কিংবা সেমাইয়ের মতো মিষ্টি জাতীয় খাবারে কিশমিশ ছাড়া যেন ভাবাই যায় না। যেকোনো মিষ্টি পদে কিশমিশের ব্যবহার অপরিহার্য। আঙ্গুর শুকিয়ে তৈরি হলেও কিশমিশে আঙ্গুরের চেয়ে অনেক বেশি স্বাস্থ্য উপকারিতা বিদ্যমান। এটি আয়রন, পটাসিয়াম, ভিটামিন বি, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, কার্বোহাইড্রেট এবং ফাইবার সমৃদ্ধ একটি ড্রাই ফ্রুটস।
নিয়মিত কিশমিশ খেলে হজমের সমস্যা দূর হয় এবং শরীরে রক্তাল্পতা রোধ করে, যা অ্যানিমিয়া থেকে বাঁচতে সাহায্য করে। এতে ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে, যা রক্ত গঠনে অত্যন্ত কার্যকর। কিশমিশে উপস্থিত তামা (কপার) লোহিত রক্তকণিকা তৈরিতে সহায়তা করে। তবে এত গুণাগুণ থাকা সত্ত্বেও অতিরিক্ত কিশমিশ খাওয়ার বেশ কিছু অসুবিধাও রয়েছে। আসুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে-
অনেকেরই কিশমিশ খেলে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। যদি আপনারও কিশমিশ খাওয়ার পর চুলকানি বা অন্য কোনো অস্বস্তি হয়, তাহলে এটি খাওয়া বন্ধ করুন।
অতিরিক্ত পরিমাণে কিশমিশ গ্রহণের ফলে শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। এছাড়াও কারও কারও ক্ষেত্রে ডায়রিয়া, বমি এবং জ্বরের মতো লক্ষণও দেখা যেতে পারে।
কিশমিশে ফ্রুক্টোজ এবং গ্লুকোজের মাত্রা অনেক বেশি থাকে। তাই যাদের ওজন বেশি এবং যারা ওজন কমানোর চেষ্টা করছেন, তাদের কিশমিশ খাওয়া উচিত নয়। এটি গ্রহণের ফলে ওজন আরও বাড়তে পারে।
বেশি কিশমিশ খেলে পেটে গ্যাসের সমস্যাও হতে পারে। কিশমিশে থাকা ফাইবার বেশি পরিমাণে গ্রহণ করলে হজমে সমস্যা দেখা দিতে পারে এবং গ্যাস তৈরি হতে পারে।
যাদের ডায়াবেটিস রয়েছে, তাদের কিশমিশ কম পরিমাণে খাওয়া উচিত। কারণ এটি রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়াতে পারে এবং টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকিও বাড়ায়।
অতিরিক্ত কিশমিশ খাওয়ার ফলে শরীরে ক্যালরির পরিমাণ বেড়ে যায়। আর অতিরিক্ত ক্যালরি গ্রহণের ফলে স্বাভাবিকভাবেই ওজন বাড়তে শুরু করে। ওজন বাড়ার কারণে আপনি আরও অনেক রোগের শিকার হতে পারেন।
কিশমিশে উচ্চ মাত্রার ট্রাইগ্লিসারাইডস রয়েছে, যা হৃদরোগ, ফ্যাটি লিভার, লিভার ক্যান্সার এবং ডায়াবেটিসের মতো মারাত্মক রোগ হওয়ার সম্ভাবনা অনেকাংশে বাড়িয়ে দেয়।
সুতরাং, কিশমিশ নিঃসন্দেহে একটি স্বাস্থ্যকর খাবার, তবে এর উপকারিতা পেতে হলে অবশ্যই পরিমিত পরিমাণে গ্রহণ করা উচিত। অতিরিক্ত কিশমিশ খাওয়ার আগে এর ক্ষতিকর দিকগুলিও মনে রাখা জরুরি।