নারী পুরুষের সম্পর্কের রহস্য উন্মোচনে নতুন গবেষণা

প্রেম এক রহস্যময় অনুভূতি, যা জীবনের কোনো না কোনো পর্যায়ে প্রায় সকলের কাছেই আসে। তবে প্রেমের ভাষা বোঝা বা তার রহস্য উদঘাটন করা সহজ নয়। যুগে যুগে মানুষ প্রেমের মনস্তত্ত্ব নিয়ে ভাবনায় মগ্ন থেকেছে, আর সেই চিন্তার জট খুলতে বিজ্ঞানীরাও গবেষণায় নেমেছেন।
সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে, প্রেমে নারী ও পুরুষের চাহিদা একেবারেই আলাদা।
পেনসিলভেনিয়ার বাকনেল বিশ্ববিদ্যালয় ও নিউ ইয়র্ক স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক যৌথভাবে এক সমীক্ষা চালান, যেখানে আমেরিকা ও নরওয়ের ১,০০০ জন ছাত্র-ছাত্রী অংশ নেন। গবেষণার ফলাফল বলছে, যারা অস্থায়ী বা স্বল্পমেয়াদি সম্পর্ক চান, তারা সেটি স্পষ্টভাবে প্রকাশ করেন। তবে যারা দীর্ঘস্থায়ী সম্পর্কে আগ্রহী, তারা সঙ্গীর মধ্যে প্রধানত দুটি গুণ খোঁজেন— হাস্যরস ও উদারতা।
এ ক্ষেত্রে লিঙ্গভেদেও পার্থক্য দেখা যায়। গবেষকদের মতে, সহজে ঘনিষ্ঠ হতে রাজি এমন নারীদের প্রতি পুরুষরা তুলনামূলকভাবে বেশি আকৃষ্ট হন। তবে শুধু শারীরিক সম্পর্কই নয়, নারীদের মন জয়ের আরও একটি উপায় হলো রসবোধ। গবেষণায় দেখা গেছে, যে নারীরা পুরুষদের করা মজায় হাসেন, তাদের প্রতিও পুরুষদের আকর্ষণ বেশি থাকে।
তবে গবেষকেরাও মনে করিয়ে দিচ্ছেন, সম্পর্কের বিষয়টি একান্তই ব্যক্তিনির্ভর। এক জনের কাছে যা আকর্ষণীয়, অন্যের কাছে তা তেমন নাও হতে পারে। তাই এমন গবেষণার ফলাফলকে চূড়ান্ত সত্য হিসেবে ধরে নেওয়া ঠিক হবে না।