দিনে কত কাপ কফি আপনার জন্য নিরাপদ? জেনে নিন চিকিৎসকের পরামর্শ!

কফিপ্রেমীর সংখ্যা নেহাতই কম নয়। দৈনন্দিন কাজের চাপ সামলাতে বা একটু চনমনে হতে অনেকেই কফির উপর নির্ভরশীল। ঘরে নানা ধরনের কফির সংগ্রহ রাখা এবং দিনে একাধিক কাপ কফি পান করার অভ্যাসও অনেকেরই আছে। কিন্তু দিনে ঠিক কত কাপ কফি শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না, সে সম্পর্কে অনেকেরই স্পষ্ট ধারণা নেই।

কফির প্রধান উপাদান হলো ক্যাফিন। তাই কফির উপকারিতা পেতে হলে সঠিক পরিমাণে পান করা জরুরি। মাত্রাতিরিক্ত কফি খাওয়ার ফলে এর প্রতি আসক্তি তৈরি হতে পারে। নির্দিষ্ট সময় পর কফি না পেলে মেজাজ খারাপ হওয়া, এমনকি মানসিক অবসাদও দেখা দিতে পারে।

এছাড়া, ক্যাফিনের প্রভাব সরাসরি হৃৎপিণ্ডের ওপর পড়ে। এর প্রভাবে হৃদস্পন্দন বেড়ে যেতে পারে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে নাও থাকতে পারে। যারা প্রচুর পরিমাণে কফি পান করেন, তাদের অনেকেরই ঘুমের সমস্যা হয়, যা মস্তিষ্কের কাজে ব্যাঘাত ঘটায়। ঘুমের ঘাটতি অন্যান্য আরও অনেক শারীরিক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তাই সুস্থ থাকতে কফি খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত প্রয়োজন।

তাহলে কতটুকু কফি নিরাপদ?
চিকিৎসকদের মতে, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ দিনে ৪০০ মিলিগ্রাম পর্যন্ত ক্যাফিন গ্রহণ করতে পারেন। সাধারণত, এক কাপ কফিতে প্রায় ৭০ থেকে ১৪০ মিলিগ্রাম ক্যাফিন থাকে। তাই, আপনি এক কাপ কফিতে কী পরিমাণ ক্যাফিন দিচ্ছেন তার ওপর নির্ভর করে দিনে ৪-৫ কাপের বেশি কফি না খাওয়াই ভালো।