ত্বকের নানা সমস্যা দূর করে ত্বককে লাবণ্যময় করে তুলতে প্রাকৃতিক উপাদানই বেশি কার্যকর। করোনাকালে পার্লারে গিয়ে ফেসিয়াল করার উপায় নেই। তাই ঘরে বসে নিজেকেই নিতে হবে ত্বকের যত্ন। বিভিন্ন ফল দিয়ে বানিয়ে নিতে পারেন ফেসমাস্ক।
প্রতিটা ফেসমাস্কই খুব উপকারী।
বেনানা ফেসমাস্ক: কলাতে ময়েশ্চারাইজিং এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে। যা ত্বককে প্রাকৃতিক দূষণ থেকে মুক্ত রেখে ত্বকের আর্দ্রতা ধরে রাখে।
একটি পাকা কলা এবং এক টেবিল চামচ মধু ভালো করে মিশিয়ে পাতলা পেস্ট বানিয়ে নিন। পেস্টটি মুখে লাগানোর ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন ঠান্ডা জলে।
অ্যাপল ফেসমাস্ক: এতে থাকা উপাদান ত্বকের নিচে রক্ত চলাচল ঠিক রাখে। এটি ত্বকের কোলাজেন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে।
একটি আপেল এবং এক টেবিল চামচ মধু নিন। এই উপাদানগুলো ভালো করে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। উপাদানটি মুখে লাগানোর পর ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন।
পাপায়া ফেসমাস্ক: পেঁপের মধ্যে রয়েছে এনজাইম যা ত্বকের মরা কোষ পরিষ্কার করতে সহায়তা করে এবং ত্বককে করে তোলে উজ্জ্বল।
কয়েক টুকরো পাকা পেঁপে এবং এক টেবিল চামচ গোলাপজল নিন। এই উপাদানগুলো একসঙ্গে চটকে নিন। মিশ্রণটি এবার মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।





