টয়লেটেও ফোন চাই? অজান্তেই ডেকে আনছেন মারাত্মক বিপদ!

মোবাইল ফোন বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। ফোন ছাড়া একটি দিন কাটানোও যেন এখন অসম্ভব। বেশিরভাগ মানুষেরই কিছুক্ষণ পরপর ফোনের স্ক্রিন স্ক্রল করার অভ্যাস তৈরি হয়েছে। ফোন কাছে না থাকলে বা কিছুক্ষণ ব্যবহার না করলে এক ধরনের শূন্যতা অনুভব হয়। এই অভ্যাসের বশে অনেকেই টয়লেটেও ফোন নিয়ে যান, মনে করেন এতে সময় ভালো কাটবে। কিন্তু এই অভ্যাস কি আদৌ স্বাস্থ্যসম্মত?
বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা সেখানে গিয়ে ফোন ব্যবহার করা কোনোভাবেই স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একেবারেই উচিত নয়।
চিকিৎসকদের মতে, ফোনের কভার সাধারণত রাবার বা প্লাস্টিক জাতীয় উপাদান দিয়ে তৈরি হয়। আর এই উপাদানগুলোই ভাইরাস ও ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির জন্য আদর্শ স্থান তৈরি করে। টয়লেটের মতো অস্বাস্থ্যকর পরিবেশে এই ক্ষতিকর জীবাণুরা আরও দ্রুত বংশবৃদ্ধি করতে পারে। আপনি যখন টয়লেট দরজার লক, বাথরুমের ফ্লাশ বা কল ব্যবহারের পর সরাসরি মোবাইলের স্ক্রিনে হাত দেন, তখন সেই জীবাণু সহজেই আপনার ফোনে স্থানান্তরিত হতে পারে। এর মাধ্যমে টাইফয়েডের মতো মারাত্মক রোগও ছড়াতে পারে।
টয়লেট সাধারণত ভেজা এবং স্যাঁতস্যাঁতে থাকে, যা ব্যাকটেরিয়ার দ্রুত বংশবৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ। দুর্ভাগ্যবশত, অনেকেই টয়লেট থেকে বের হওয়ার পর সঠিকভাবে হাত পরিষ্কার করেন না। এটি একটি অত্যন্ত অস্বাস্থ্যকর অভ্যাস। টয়লেট থেকে বের হয়ে ভালো করে হাত না ধুয়ে যদি আপনি ফোন ব্যবহার করেন, তবে সেখান থেকেও ই.কোলাই, সিগেল্লা এবং ক্যামফাইলোব্যাকটরের মতো ক্ষতিকর ব্যাকটেরিয়া আপনার শরীরে প্রবেশ করতে পারে। অপরিষ্কার হাতে ফোনের স্ক্রিনে স্পর্শের কারণে গ্যাসট্রো এবং স্ট্যাপের মতো ক্ষতিকর ভাইরাসও ছড়াতে পারে।
টয়লেটে ফোন ব্যবহারের পর সেই ফোন যখন বিছানা কিংবা খাবার টেবিলে রাখা হয়, তখন সেই ভাইরাস ও ব্যাকটেরিয়া সহজেই অন্যান্য স্থানেও ছড়িয়ে পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, ফোনে বাসা বাঁধা এই ক্ষতিকর জীবাণু খাবারের সঙ্গে মিশে লালার মাধ্যমে খুব দ্রুত পুরো শরীরে ছড়িয়ে যেতে পারে।
এছাড়াও, একটানা ব্যবহারের কারণে যখন আপনার ফোনটি গরম হয়ে যায়, তখন সেই উষ্ণ পরিবেশ ব্যাকটেরিয়াগুলোর বংশবৃদ্ধির জন্য আরও সহায়ক হয়ে ওঠে। এর ফলে আপনি সহজেই তাদের আক্রমণের শিকার হতে পারেন। তাই সুস্থ থাকতে চাইলে টয়লেটে ফোন ব্যবহার না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। নিজের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আজ থেকেই এই অস্বাস্থ্যকর অভ্যাস ত্যাগ করুন।